মেহজাবীনের সঙ্গে তুলনা, যা বললেন তটিনী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
মেহজাবীনের সঙ্গে তুলনা, যা বললেন তটিনী
মেহজাবীন চৌধুরী ও তানজিম সাইয়ারা তটিনী

ছোটপর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। অল্প দিন ক্যারিয়ার শুরু করলেও মায়াবী হাসি ও নজর কাড়া অভিনয়ে ইতোমধ্যেই দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। অনেকেই মনে করেন, জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর শোবিজে উত্থান এবং তার বর্তমান যে অবস্থান তটিনীও সেই পথের দিকে যাচ্ছেন।

এবার এই তুলনা নিয়ে মুখ খুলেছেন তটিনী। সম্প্রতি ‘ফিরে আসার গল্প’ নাটকের সংবাদ সম্মেলনে অভিনেত্রী বলেন, প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়। তবে তিনি এটি বেশ উপভোগ করেন। কারণ, গুণী একজন অভিনয়শিল্পীর সঙ্গে তুলনায় তাকে ক্যারিয়ার নিয়ে ভাবতে আরও সচেতন করে।

হলুদের সঙ্গে ভাব হয়েছে অভিনেত্রীর
হলুদের সঙ্গে ভাব হয়েছে অভিনেত্রীর

তার ভাষায়, ‘অনেকেই বলেন- তুমি মেহজাবীনের মতো, তার জায়গায় যাচ্ছ। আসলে কেউ কারও জায়গায় যেতে পারে না। আমি কারও সঙ্গে নিজেকে তুলনা করব না, কারো জায়গায় ভাবাটাও ঠিক না। শিল্পাঙ্গনে এই তুলনা হয় না। মেহজাবীন আপু অনেক বড়, গুণী একজন শিল্পী। তবে তুলনা করলে ভালো লাগে। তার মতো গুণী অভিনেত্রীর সঙ্গে তুলনাও তো বড় পাওয়া।’

মেহজাবীনকে পরবর্তী জেনারেশনের জন্য উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি। তটিনী বলেন, ‘আমাদের জেনারেশন বা পরের জেনারেশনের জন্য মেহজাবীন আপু একটা উদাহরণ। তার ক্যারিয়ারে এগিয়ে চলা, কাজের প্রতি সততা, তার পরিশ্রম, তার অনেক অভিজ্ঞতা, তার কাছ থেকে আমাদের সবার শেখা উচিত।’

অভিনয়ের শুরুতে অনেকেই মেহজাবীনকে অনুসরণ করার কথা বলেছেন জানিয়ে তটিনী বলেন, ‘আমি যখন অভিনয়ে আসি, তখনই অনেকে আমাকে একটা কথাই বলেছিলেন, যদি কারো মতো হতে চাও, তাহলে মেহজাবীনকে ফলো করো। আর শুধু ক্যারিয়ার নয়, সে মানুষ হিসেবে কেমন, তার আচার-আচরণ সবই ফলো করার কথা বলতেন। কারণ, সিনিয়রদের কাছ থেকেই আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত।’

শাড়ি ও মায়াবী হাসিতে তটিনী
শাড়ি ও মায়াবী হাসিতে তটিনী

প্রসঙ্গত, ২০১৯ সালে মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করেন তটিনী। এরপর ২০২২ সালে চরকির এই মূহুর্তে ওয়েব ধারাবাহিকের ‘কল্পনা’ খণ্ডে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দায় পদার্পণ করেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক শারদ প্রাতে (২০২২)। তিনি ক্লোজ-আপ কাছে আসার গল্পের সময় সব জানে (২০২৩) খণ্ডে অভিনয় করে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। এরপর ভালোবাসার প্রথম কদম ফুল (২০২৪)-এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দীপ্ত পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি লাভ সাব (২০২৪) টিভি নাটকের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

বর্তমানে তটিনী মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ দিয়ে আলোচনায় রয়েছেন।

/জেএইচ/