শিরোনাম

‘এটা আমাদেরই গল্প’র ফারহানার এসএসসির ফলাফল কী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘এটা আমাদেরই গল্প’র ফারহানার এসএসসির ফলাফল কী
‘এটা আমাদেরই গল্প’-এর ‘ফারহানা’ চরিত্রের অভিনেত্রী ইসরাত তিথি

অভিনয় আর পড়াশোনা-দুই দিক সামলেই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর ‘ফারহানা’ চরিত্রের অভিনেত্রী ইসরাত তিথি। এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ–৪ পেয়েছেন তিনি।

উত্তরা কেসি মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ইসরাত। তবে তার শিক্ষাজীবনের শুরুটা হয়েছিল বিজ্ঞান বিভাগে। নবম শ্রেণিতে সে বিজ্ঞান বিভাগেই পড়াশোনা করেছে। পরে ধারাবাহিক নাটকটির শুটিংয়ের ব্যস্ততা বাড়তে থাকায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে বোর্ডে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ইসরাত। বিজ্ঞান ছেড়ে মানবিক বিভাগে ভর্তি হয়ে অল্প সময়ের মধ্যেই নতুন বিষয়গুলোর প্রস্তুতি শুরু করে সে। কঠোর পরিশ্রমের ফলও পায় দ্রুত-টেস্ট পরীক্ষায় নিজের সেকশনে প্রথম স্থান অর্জন করে ইসরাত।

তিন বোনের মধ্যে সবার ছোট ইসরাতের এই ফলাফলে আনন্দিত তার পরিবারের সদস্যরাও।

ইসরাতের মেজ বোন সাফিনা বলেন, ইসরাত শুটিংয়ের পাশাপাশি নিয়মিত পড়াশোনা করেছে। এমনকি এসএসসি পরীক্ষার মাত্র দুই দিন আগেও তাকে শুটিং করতে হয়েছে। টেস্ট পরীক্ষার সময় কক্সবাজারে শুটিং শেষ করে সকালে ঢাকায় ফিরেই পরীক্ষায় অংশ নিতে হয়েছিল তাকে। শুটিং সেটেও কাজের ফাঁকে বই নিয়ে পড়াশোনা চালিয়ে যেত ইসরাত।

অভিনয় ও পড়াশোনার এই ব্যস্ততার মধ্যেও কাঙ্ক্ষিত ফল পাওয়ায় খুশি ইসরাত নিজেও। ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি জানিয়ে তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

/এসবি/