শিরোনাম

প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে অভিনেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে অভিনেতা

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্যকে ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ও টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম। বিশেষ করে প্রবাসীদের একাংশ তার বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন।

সম্প্রতি ইতালির ভেনিসে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনার প্রতিবাদে বাঁধনের পাশে দাঁড়ান দেশের শোবিজ অঙ্গনের অনেকেই। এরই ধারাবাহিকতায় বাঁধনের প্রতি সংহতি ও ভালোবাসা জানিয়ে একটি টেলিভিশন চ্যানেলে কথা বলেন অভিনেতা ও টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম। সেখানে একপর্যায়ে প্রবাসীদের উদ্দেশে ‘ইউরোপে কামলা খেটে চলে’ মন্তব্য করেন তিনি। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

প্রবাসীরা বলেন , আমরা পরিবার-পরিজন ছেড়ে বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করি এবং নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠান। দেশের অর্থনীতিতে আমাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই একজন বরেণ্য অভিনেতার কাছ থেকে প্রবাসীদের নিয়ে এমন মন্তব্য আমরা প্রত্যাশা করিনা।

শুধু প্রবাসীরাই নন, দেশে থাকা তাদের পরিবারের সদস্য ও স্বজনদের অনেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। একইসঙ্গে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন শোবিজ অঙ্গনের কয়েকজন শিল্পী ও কলাকুশলীও।

তাদের মতে, কোনো পেশাকেই অবজ্ঞা বা ছোট করে দেখা উচিত নয়।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা আজাদ আবুল কালামের রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ তাকে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজাদ আবুল কালামের পক্ষেও অনেকে অবস্থান নিয়েছেন।

তাদের দাবি, অভিনেতা ইউরোপে থাকা সব প্রবাসীকে উদ্দেশ করে মন্তব্যটি করেননি। বরং আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় জড়িত নির্দিষ্ট ব্যক্তিদের প্রসঙ্গেই তিনি এমন মন্তব্য করেছেন।

সব মিলিয়ে আজাদ আবুল কালামের মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এখন পর্যন্ত নিজের বক্তব্য নিয়ে আজাদ আবুল কালামের পক্ষ থেকে নতুন কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

/এসবি/