শিরোনাম

ঈদুল আজহায় আসছে শুভ-মিমের ‘মালিক’

বিনোদন ডেস্ক
ঈদুল আজহায় আসছে শুভ-মিমের ‘মালিক’
আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মালিক’। বুধবার (২০ মে) রাতে পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া অফিশিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। এর আগে সিনেমাটি গত ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি।

সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক জেদি তরুণের লড়াইকে কেন্দ্র করে। মায়ের সম্মান ও অধিকার আদায়ের জন্য প্রতিশোধের পথ বেছে নেওয়া এক তরুণ কীভাবে সময়ের পরিক্রমায় অপরাধ জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়, সেই গল্পই পর্দায় ফুটিয়ে তুলেছেন আরিফিন শুভ।

পরিচালক সাইফ চন্দন সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী। তিনি জানান, ‘মালিক’ মূলত অ্যাকশন ঘরানার চলচ্চিত্র হলেও এর পটভূমিতে রয়েছে চমৎকার একটি গল্প, যেখানে সব অভিনয়শিল্পী অসাধারণ পারফর্ম করেছেন। ট্রেলার ও গান প্রকাশের পর দর্শক আরও বড় চমক পাবেন বলে উল্লেখ করেন তিনি। পরিচালক জানান, বর্তমানে কলকাতার একটি স্টুডিওতে সিনেমাটির শেষ মুহূর্তের পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহের সঙ্গে প্রাথমিক আলোচনাও সম্পন্ন হয়েছে এবং সেন্সর সার্টিফিকেট পাওয়ার পরপরই চূড়ান্ত প্রচারণা শুরু হবে।

এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ৭ বছর পর বড় পর্দায় জুটি হিসেবে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাপলুডু’ সিনেমায় তাদের সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল। উল্লেখ্য, এবারের ঈদুল আজহার বক্স অফিসে ‘মালিক’ সিনেমাটিকে বেশ প্রতিযোগিতার মুখে পড়তে হবে। কারণ একই সময়ে মুক্তির তালিকায় রয়েছে রকস্টার, রইদ, বনলতা সেন, তছনছ, অফিসার, দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল, মাসুদ রানা এবং নাকফুলের কাব্য-এর মতো একঝাঁক আলোচিত চলচ্চিত্র।

/এমএকে/