শিরোনাম

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ ও অভিনেতা ডন হক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়। সিআইডিতে একটি মামলা চলমান। তারা তদন্ত করছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। দীর্ঘদিন ধরে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিন পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেছেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

নব্বইয়ের দশকের গোড়ার দিকে চলচ্চিত্রে পা রাখেন সালমান শাহ। অল্প সময়ের মধ্যেই অভিনয়গুণ ও জনপ্রিয়তায় তিনি ঢাকাই সিনেমার অন্যতম শীর্ষ তারকায় পরিণত হন। তবে তার মৃত্যুর পর থেকেই পরিবারের পক্ষ থেকে এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হয়।

সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, আমার ছেলে হত্যার শিকার হয়েছে। পরিবার হত্যা মামলা করতে চাইলেও পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিলো। তবে পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, অপমৃত্যুর মামলার তদন্তে হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সেটি স্বাভাবিকভাবেই হত্যা মামলায় রূপ নেবে।

মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। স্বল্প সময়ের এই ক্যারিয়ারেই তিনি দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন। অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতির কারণে নব্বইয়ের দশকের এই তারকা দর্শক ও সমালোচকদের কাছে হয়ে উঠেছিলেন ঢালিউডের এক উজ্জ্বল নক্ষত্র। তার আকস্মিক মৃত্যু তাই আজও চলচ্চিত্রপ্রেমীদের কাছে গভীর আগ্রহ ও আলোচনার বিষয় হয়ে আছে।

/এসবি/