শিরোনাম

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল
সালমাণ শাহ

মৃত্যুর ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর খুনের রহস্য উদঘাটনে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল করেছে আদালত। বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী আবিদ হাসান এ তথ্য জানিয়েছেন।

মামলার বাদী সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম মরদেহ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেছিলেন।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। গত ২৪ মে আদালত এই অনুমতি দিলে বিষয়টি জানাজানি হয় ১০ জুন।

তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ইন্সপেক্টর জিয়াউল মোর্শেদ গত ২০ মে সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ‘মামলাটি ৩০ বছরের বেশি সময় ধরে চলমান আছে। প্রাকৃতিক কারণে চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। ১৯৯৭ সালের ১৩ জানুয়ারি ভিকটিমের মৃতদেহ আদালতের নির্দেশে উত্তোলন করা হলে তা মাত্রাতিরিক্ত পচনশীল অবস্থায় পাওয়া গিয়েছিল মর্মে উল্লেখ করা হয়। সালমান শাহর মৃতদেহ হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছিল এবং বর্তমানে সেখানেই কবরস্থ আছে। এজন্য ভিকটিমের মরদেহ বারবার উত্তোলনের ক্ষেত্রে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এবং ব্যাপক বাধার সৃষ্টি হতে পারে।’

আবেদনে আরও বলা হয়, ‘বাদী মো. আলমগীর কুমকুম এবং তথ্য প্রদানকারী নীলা চৌধুরীর মরদেহ উত্তোলনের বিষয়ে ব্যাপক আপত্তি আছে। এজন্য সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করা একান্ত প্রয়োজন।’ শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে।

এর আগে গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ইন্সপেক্টর জিয়াউল মোর্শেদ মরদেহ উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করেন। গত ২৪ মে একই আদালত আবেদন মঞ্জুর করে মরদেহ উত্তোলনের আদেশ দেয়। তবে বিষয়টি জানাজানি হয় ১০ জুন।

একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশে সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। তার পারিবারিক নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সেই সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

/এসআর/