প্রেমের কথা অকপটে স্বীকার করলেন জাহ্নবী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রেমের কথা অকপটে স্বীকার করলেন জাহ্নবী
জাহ্নবী কাপুর

শোবিজ অঙ্গনের তারকারা সাধারণত নিজেদের প্রেমের কথা খুব একটা প্রকাশ করেন না। বেশিরভাগ সময়ই গোপন রাখেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। কোনো রাখঢাক না রেখেই নিজের প্রেমের কথা অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি পরিচালক করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসে জাহ্নবী ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। করণ তাকে জিজ্ঞেস করেন, শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন কি না? জবাবে জাহ্নবী অকপটে বলে দেন, ‘হ্যাঁ, করছি।’

রংতুলিতে জাহ্নবী কাপুর
রংতুলিতে জাহ্নবী কাপুর

তবে প্রেম নিয়ে বেশি কিছু বলতে চান না অভিনেত্রী, আবার লুকোছাপও পছন্দ করেন না। তার ভাষ্য, ‘ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত খোলামেলা হতে চাই না ঠিকই, আবার সব কিছু গোপন রাখার জন্য এত রাখঢাক করারও কোনো মানে হয় না। সম্পর্ক নিয়ে সব সময় লুকোছাপা করা বিরক্তিকর।’

শিখর পাশে থাকলে জাহ্নবী মানসিক শান্তি পান। তাকে অনেক সাপোর্ট করেন। এজন্য অভিনেত্রী মনে করেন, শিখর তার জীবনের শেষ ঠিকানা। প্রেমিকের প্রশংসা করে জাহ্নবী বলেন, ‘আমার মায়ের (শ্রীদেবী) মৃত্যুর খবর শুনে শিখর লন্ডন থেকে মুম্বাইয়ে চলে এসেছিল। সেই সময় এক সেমিস্টার পরিক্ষাও দিতে পারেনি সে। আমার কাছাকাছি থাকার জন্য এক বন্ধুর বাড়িতে উঠেছিল। যেন আমার যেকোনো প্রয়োজনে পাশে থাকতে পারে।’

প্রেম তো চলছে, বিয়েটা কবে? স্বাভাবিকভাবে এ প্রশ্নটাও চলে আসে। তবে জাহ্নবী সাফ বলে দিলেন, ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। আপাতত আমরা বেশ ভালো আছি।’

সিনেমার একটি দৃশ্যে জাহ্নবী
সিনেমার একটি দৃশ্যে জাহ্নবী

এদিকে অভিনয়ে জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে তেলুগু সিনেমা ‘পেড্ডি’তে। রাম চরণের সঙ্গে সিনেমাটি সাড়া জাগাতে পারেনি। তাছাড়া সিনেমায় তার উপস্থিতি নিয়েও হয়েছে বিস্তর সমালোচনা। জাহ্নবীকে ‘সেক্স সিম্বল’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

বর্তমানে জাহ্নবীর হাতে ‘লাগ যা গলে’, ‘রাকা’ ও নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমা রয়েছে। সবমিলিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।

/জেএইচ/