শিরোনাম

প্রথমবার অংশ নিয়েই ভেনিসে বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্রথমবার অংশ নিয়েই ভেনিসে বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়
ভেনিস চলচ্চিত্র উৎসব অংশ নিয়েই বাজিমাত করেছে আজমেরী হক বাঁধন অভিনীত ও রুবাইয়াত হোসনের পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

প্রথমবারের মতো ভেনিস চলচ্চিত্র উৎসব অংশ নিয়েই বাজিমাত করেছে রুবাইয়াত হোসনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি উৎসবে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস প্রেমিও বিসাতো দ’ওরো অর্জন করেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে পরিচালক রুবাইয়াতের হাতে ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান এ পুরস্কারটি তুলে দেন।

রুবাইয়াত হোসন বলেন, এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। ভেনিসের মতো উৎসবে সব সিনেমার মধ্যে থেকে এ পুরস্কার দেওয়া। এজন্য জুরিদের কাছে কৃতজ্ঞতা জানাই। তারা আমার সিনেমাটিকে পছন্দ করেছেন। আমি মনে করি, এই পুরস্কার দেশের সিনেমা অঙ্গনের জন্য সম্মানের, বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, খুবই অন্তরঙ্গ একটি জায়গা থেকে আমি সিনেমাটি নির্মাণ করেছি। নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ করতে, নিয়ন্ত্রণ করতে এবং কখনো কখনো নিজেদের শরীরকেই ভয় করতে শেখে, সেই ভাবনা থেকেই এই সিনেমা। এটার সঙ্গে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা জড়িত।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।

গত ২ সেপ্টেম্বর বিশ্বের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর ভেনিস লিডোতে শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে অফিসিয়াল শাখার পুরস্কার। ফলে অরিজন্তি বিভাগে থাকা বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য আরও একটি বড় স্বীকৃতির অপেক্ষা থাকছে।

/এসবি/