নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন
মতিয়া বানু শুকু

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জরুরি ভিত্তিতে তাকে কন্টিনেন্টাল হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এর আগে তিনি কেবিনে ছিলেন।

মাতিয়া বানুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী, চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক। তিনি বলেন, মৃত্যুর কিছুক্ষণ আগে তাকে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। তার গল্পে মধ্যবিত্তের জীবন, সমাজের নানা অসংগতি আর মানুষের চেনা বাস্তবতা ফুটে উঠতো। তিনি নির্মাণ ও রচনার মধ্য দিয়ে তৈরি করেছিলেন নিজস্ব পরিচয়।

তার রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক।

নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও যুক্ত ছিলেন গুণী এই শিল্পী। এ ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু।

/জেএইচ/