মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, আজও জনপ্রিয় জসিম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, আজও জনপ্রিয় জসিম
জসিম। কোলাজ: সিজেডএন গ্রাফিক্স

ঢাকাই সিনেমায় আশির দশকের দাপুটে অভিনেতা ও অ্যাকশন হিরো জসিম। সে সময় পর্দায় যে কজন অভিনেতা নিজেদের অভিনয়শৈলী ও সাহসী অ্যাকশনের মাধ্যমে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন, চিত্রনায়ক জসীম তাদের মধ্যে অন্যতম। তবে তার পরিচয় শুধু একজন জনপ্রিয় নায়ক হিসেবে সীমাবদ্ধ নয়। রূপালী পর্দায় তার যাত্রা শুরু হয় খলনায়ক হিসেবে। সেখান থেকে নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, চলচ্চিত্রের ফাইটিং দল গড়ে তোলা এবং পরবর্তী প্রজন্মের অ্যাকশনকর্মীদের তৈরি করার ক্ষেত্রে তার ভূমিকা স্মরণীয় হয়ে আছে। বাংলা চলচ্চিত্রের অ্যাকশনধর্মী এই নায়কের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ।

সিনেমায় জসিমের অ্যাকশনধর্মী একটি দৃশ্য
সিনেমায় জসিমের অ্যাকশনধর্মী একটি দৃশ্য

১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তখন তার বয়স মাত্র ৪৮ বছর। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঢাকাই চলচ্চিত্রের দর্শকের কাছে তিনি এখনও পরিচিত নাম।

১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জের বক্সনগর এলাকায় জন্মগ্রহণ করেন জসীম। তার আসল নাম আবদুল খায়ের জসীম উদ্দিন। অভিনয়ের জগতে প্রবেশের আগে ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন।

স্বাধীনতার পর তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। ১৯৭২ সালে ‘দেবর’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে জসিমের। পরের বছর ‘রংবাজ’ চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি পান। এটি বাংলাদেশের প্রথম অ্যাকশন দৃশ্য যুক্ত করা ছবি হিসেবে ধরা হয়।

১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত সুভাস দত্তের 'সবুজ সাথী' চলচ্চিত্রে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ ছবির মাধ্যমে জসিম ব্যাপক আলোড়ন তোলেন। এটি বলিউডের সাড়া জাগানো সিনেমা অমিতাভ-ধর্মেন্দ্র অভিনীতে ‘শোলে’ ছবির রিমেক। ছবিটিতে তিনি গব্বারের চরিত্রে অভিনয় করেছিলেন। খোদ শোলে ফিল্মের নামকরা চরিত্র গব্বার সিং এর আদলে থাকা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত জসিমের ভূয়সী প্রশংসা করেছিলেন।

এরপর একে একে তিনি ‘বারুদ’, ‘বদলা’, ‘কসাই’, ‘প্রতিহিংসা’, ‘সবুজ সাথী’, ‘অভিযান’, ‘লালু মাস্তান’, ‘কালিয়া’ ও ‘স্বামী কেন আসামি’সহ বেশ কিছু সিনেমা ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।

চিত্রনায়ক রিয়াজকে আবিষ্কার করেছিলেন জসিম। ১৯৯৪ সালে চাচাতো বোন ববিতার সঙ্গে বিএফডিসিতে ঘুরতে এসে নায়ক জসিমের নজরে পড়েন রিয়াজ। জসিম তখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন। ১৯৯৫ সালে জসিমের সঙ্গেই ‘বাংলার নায়ক’ নামের একটি ছবিতে অভিনয় করেন রিয়াজ।

জসিমের প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন।

জসিমের তিন ছেলে। রাতুল, রাহুল, সামি। যার মধ্যে রাতুল ও সামি ‘Owned’ ব্যান্ডের বেজিস্ট ও ড্রামার। আর রাহুল 'Trainwreck' ব্যান্ডের গিটারিস্ট।

/জেএইচ/