একাকিত্ব নিয়ে ভক্তদের যে বার্তা দিলেন পূজা চেরী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
একাকিত্ব নিয়ে ভক্তদের যে বার্তা দিলেন পূজা চেরী
নায়িকা পূজা চেরী। ছবি: ফেসবুক

নতুন কোনো সিনেমার খবরে নেই নায়িকা পূজা চেরী। বড় পর্দায় তাকে শেষ দেখা গিয়েছিল কোরবানি ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায়। গত কয়েক মাসে নতুন কোনো প্রজেক্টে চুক্তিবদ্ধ হওয়ার খবরও জানাননি তিনি। বরং কাজের বাইরে ব্যক্তিগত জীবনের সম্পর্ক ও বিয়ের গুঞ্জন নিয়েই বেশি আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। তবে এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় রয়েছেন পূজা। প্রায় নিয়মিতই নতুন নতুন লুকে ছবি পোস্ট করে ভক্তদের ধরে রাখছেন চর্চায়।

সোমবার (১২ অক্টোবর) ফেসবুকে প্রায় এক ডজন ছবি পোস্ট করেছেন পূজা। রাতের আলোয় কোনো এক ভবনের ছাদবারান্দায় তোলা এসব ছবিতে তাকে দেখা গেছে নীল কুর্তি আর সাদা প্যান্টের স্নিগ্ধ সাজে।

ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। ছবি: ফেসবুক
ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। ছবি: ফেসবুক

তার এ সাধারণ অথচ নজরকাড়া লুক বেশ পছন্দ করেছেন ভক্তরা। ছবির কমেন্টবক্সে এক অনুরাগী লিখেছেন, ‘আজ তোমাকে অনেক দারুণ লাগছে’; আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনার এ সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। খুব ভালো লাগল।’ সামনেই যেহেতু দুর্গাপূজা, তাই এক ভক্ত আবদার করে লিখেছেন, ‘আপু, পূজার ছবি দিয়েন। একেক দিন একেক ড্রেস পরে, সামনে পূজা, আপনার পূজা ভালো কাটুক।’

তবে ছবির চেয়েও বেশি মনোযোগ কেড়েছে ছবির সঙ্গে যুক্ত করা দীর্ঘ ক্যাপশনটি। নিজের অনুভূতির কথা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা। যদি হঠাৎ দেখো, তোমার পরিচিত মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আর যেখানে একসময় হাসি-আড্ডা আর মানুষের ভিড় ছিল, সেখানে হঠাৎ এখন তুমি একা, তবে ভয় পেয়ো না। এর মানে, তুমি আর দশজনের ভিড় থেকে বেরিয়ে নিজের সাম্রাজ্যের পথে এগিয়ে যাচ্ছো।’ পূজার এ রহস্যময় ও আত্মবিশ্বাসী বার্তাটি নিয়ে এখন নেটদুনিয়ায় বেশ আলোচনা চলছে।

/এমএকে/