চার ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চার ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর চকবাজারে সাততলা একটি মার্কেটে লাগা আগুন চার ঘণ্টা ধরে জ্বলছে, এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের এ মার্কেট ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে আরও ইউনিট যুক্ত হয়, যা বর্তমানে ১০টিতে দাঁড়িয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের ভেতরে প্রচুর মালামাল থাকায় সেখানে ঘন ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এ কারণে ফায়ার ফাইটাররা ভবনের ভেতরে ঢুকে আগুন নেভানোর কাজ করতে পারছেন না। আগুন ভবনের অন্য তলাতেও ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ভবনের ভেতরে আগুনের চেয়ে ধোঁয়ার পরিমাণ বেশি। পাশাপাশি সরু রাস্তার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভবনের ভেতরে কেউ আটকে থাকার খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, সাততলা ওই ভবন থেকে আগুন ইতোমধ্যে পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছে। এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা যে যেভাবে পারছেন নিজেদের মালামাল বাঁচানোর চেষ্টা করছেন। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

/এমএকে/