শিরোনাম

অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই
আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ‘ক্যাজুয়ালটি’র সহশিল্পী ডেরেক থম্পসন ও ক্যাথি শিপটন।

তারা ব্রেন্ডাকে অসামান্য প্রতিভাবান, প্রাণোচ্ছ্বল এবং অসাধারণ রসবোধের অধিকারী একজন মানুষ হিসেবে স্মরণ করেছেন।

ডাবলিনে জন্ম নেওয়া ব্রেন্ডা ফ্রিকার অভিনয়জীবনের সূচনা করেন টেলিভিশন ও মঞ্চনাটকের মাধ্যমে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘করোনেশন স্ট্রিট’, ‘সো আই ম্যারিড অ্যান অ্যাক্স মার্ডারার’, ‘অ্যাঞ্জেলস ইন দ্য আউটফিল্ড’, ‘এ টাইম টু কিল’ এবং ‘ভেরোনিকা গেরিন’-এর মতো আলোচিত প্রযোজনায় অভিনয় করে নিজের অভিনয়শৈলীর স্বাক্ষর রেখে গেছেন।

১৯৯০ সালে ‘মাই লেফট ফুট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জয় করে ইতিহাস গড়েন ব্রেন্ডা ফ্রিকার। এতে অভিনেতা ড্যানিয়েল ডে-লুইসের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই পুরস্কারের মাধ্যমে প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে একাডেমি অ্যাওয়ার্ড জয়ের কৃতিত্ব অর্জন করেন তিনি।

বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও ব্রেন্ডা ছিলেন সমান সফল। ১৯৮৬ সালে জনপ্রিয় মেডিকেল ড্রামা ‘ক্যাজুয়ালটি’তে নার্স মেগান রোচ চরিত্রে প্রথম দেখা যায় তাকে। পরবর্তী সময়ে ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন পর্বে এই চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন। এছাড়া ‘হোম অ্যালোন ২’ চলচ্চিত্রে সেন্ট্রাল পার্কের কবুতরপ্রেমী বৃদ্ধার ভূমিকায় তার অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়।

/এসবি/