শিরোনাম

রুনা লায়লার সঙ্গে গজলে কণ্ঠ মেলালেন বাপ্পা

বিনোদন ডেস্ক
রুনা লায়লার সঙ্গে গজলে কণ্ঠ মেলালেন বাপ্পা
রুনা লায়লা ও বাপ্পা মজুমদার। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদারের সুর ও সংগীত আয়োজনে প্রথমবার গাইলেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা। ‘অনায়াসে’ শিরোনামের বাংলা গজল ঘরানার এই গানে রুনা লায়লার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদারও। গানের কথা লিখেছেন সৈয়দ গালিব হাসান। আগামী ১৬ মে বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

নতুন গানটি নিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন রুনা লায়লা। সেখানে তিনি জানান, শুরুতে গানটি এককভাবে তার গাওয়ার কথা ছিল। গানটি শোনার পর তার পরামর্শেই এতে যুক্ত হন বাপ্পা মজুমদার।

রুনা লায়লা বলেন, এই গানটি নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে। বাংলা গজল– এটা আগে খুব একটা হয়নি। গানটি এককভাবে আমার করার কথা ছিল। কিন্তু গানটি শোনার পর বাপ্পাকে বলি, চলো আমরা দুজনে একসঙ্গে গাই। ও প্রথমে অবাক হয়। আমি বলেছি, তুমি ট্যালেন্টেড কম্পোজার ও গায়ক, একসঙ্গে করলে গানটি আরও ভালো হবে। পরে আমরা গানটি রেকর্ড করি।

ভিডিও বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বাপ্পা মজুমদার লেখেন, ‘এই গানটি আমার কাছে বিশেষ কিছু। স্বপ্ন সত্যি হওয়ার মতো।’

‘অনায়াসে’ গানটি বাপ্পা মজুমদারের ‘অনুভব’ অ্যালবামের একটি গান। প্রায় দেড় বছর আগে এই অ্যালবামের ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ শিরোনামের দুটি গান প্রকাশ পায়। দুটি গানেই কণ্ঠ দিয়েছেন বাপ্পা।

এর আগে বাপ্পা জানিয়েছিলেন, ‘অনুভব’ অ্যালবামে গজল ঘরানার ৮টি গান থাকবে। সব গানের কথা লিখবেন সৈয়দ গালিব হাসান।

অ্যালবামটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ৩০ বছরের সংগীতজীবনে অনেক ধরনের গান গেয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল গজল ঘরানার গান করার। সেই ভাবনা থেকেই ‘অনুভব’ অ্যালবামের পরিকল্পনা।

/এফসি/