মিডিয়া ছাড়লেন সিমরিন লুবাবা, জানা গেলো যে কারণ

মিডিয়া ছাড়লেন সিমরিন লুবাবা, জানা গেলো যে কারণ

শিশুশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত সিমরিন লুবাবা অভিনয় ও মডেলিংয়ের কাজ থেকে সরে দাঁড়িয়েছেন। ক্যামেরার সামনে আর কাজ করবেন না– এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যে নেকাব পরা শুরু করেছেন এই শিশুশিল্পী। ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রচারণামূলক কাজে যুক্ত হলেও সেখানে মুখ ঢাকা অবস্থাতেই অংশ নেবেন বলে জানিয়েছেন তার মা জাহিদা ইসলাম জেমি।

শনিবার দুপুরে কালের কণ্ঠকে দেওয়া এক বক্তব্যে জেমি বলেন, 'লুবাবা নিজের উপলব্ধি থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে। লুবাবা এখন আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না– এই সিদ্ধান্ত থেকেই সে নেকাব পরা শুরু করেছে। এই অবস্থায় তো মিডিয়ায় কাজ করা সম্ভব নয়।'

লুবাবার পরিবার সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত। তার দাদা প্রয়াত আব্দুল কাদের ছিলেন দেশের প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ায় লুবাবা। এরপর থেকেই শিশুশিল্পী হিসেবে নাটক, বিজ্ঞাপন ও মডেলিংয়ে নিয়মিত কাজ করে আসছিল সে।

জেমি জানান, ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়েই লুবাবার এই পরিবর্তন এসেছে।লুবাবা কোরআন খতম দিয়েছে, নিয়মিত বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস পড়ছে। এসব পড়াশোনার মাধ্যমেই সে নিজের জীবনধারায় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

আগামী রমজানে লুবাবা ওমরাহ পালন করতে মক্কায় যাওয়ার পরিকল্পনা করেছে বলেও জানান তার মা।