প্রয়াত নায়ক মান্নার গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
প্রয়াত নায়ক মান্নার গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মেরামত করতে দেওয়া হয়েছিল প্রয়াত চিত্রনায়ক মান্নার গাড়ি। গাড়িটি মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই মামলায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন চিত্রনায়ক মান্নার পরিবারের ব্যবস্থাপক মো. মামুন মণ্ডল (২৯) ও টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারী (৩৭)। চিত্রনায়ক মান্না ২০০৮ সালে মারা যান। আসামীদের আইনজীবী বলেছেন, লম্বা সময় ধরে তার ব্যবহৃত গাড়িটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেটি মেরামত করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। আসামিরা ইচ্ছাকৃতভাবে আগুন লাগাননি।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক মো. ইয়াউর বলেছেন, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গেছে।

বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার গ্যারেজে গাড়িটি রাখা ছিল। ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন মান্নার স্ত্রী। গাড়িটি থেকে তেল চুইয়ে পড়ার কারণে বাড়ির কর্তৃপক্ষ সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। তখন মান্নার স্ত্রী তার ব্যবস্থাপক মামুনকে গাড়িটি বাইরে কোনো ওয়ার্কশপে নিয়ে মেরামতের নির্দেশ দেন। কিন্তু মামুন সেই নির্দেশ না মেনে সোমবার টেকনিশিয়ান সোহেলকে নিয়ে গ্যারেজের ভেতরেই কাজ শুরু করেন।

/আরএ/