পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী বরখাস্ত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী বরখাস্ত
পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারীকে বরখাস্ত করা হয়েছে

আবারও পেন্টাগনের শীর্ষ পদে রদবদল আনল ট্রাম্প প্রশাসন। এবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মার্কিন সামরিক বাহিনীর প্রধান কৌশল ও সামরিক পরিকল্পনাবিদকে। ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা শুরুর মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো।

দ্য আটলান্টিক এক প্রতিবেদনে জানিয়েছে, সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে জয়েন্ট চিফস অফ স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতি বিষয়ক পরিচালকের পদ থেকে সরানো হয়েছে। তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে এর কোনো কারণ জানানো হয়নি। এমনকি তার জায়গায় কাকে বসানো হচ্ছে, সে বিষয়েও কোনো ঘোষণা আসেনি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে পদচ্যুত করা হচ্ছে। সিলভিয়াকে সরিয়ে দেওয়া সেই ধারাবাহিক প্রক্রিয়ারই নতুন সংযোজন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পেন্টাগন।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত মাসে জানিয়েছিলেন, মার্কিন সামরিক বাহিনীর জেনারেল ও অ্যাডমিরালদের সংখ্যা প্রায় ২০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। তিনি বলেন, এর মূল উদ্দেশ্য সামরিক বাহিনীতে ‘জবাবদিহিতা’ ফিরিয়ে আনা।

হেগসেথ আরও ইঙ্গিত দেন, পূর্ববর্তী প্রশাসনের অধীনে সামরিক বাহিনী যে নীতিতে চলছিল, সেখান থেকে বের হয়ে যুদ্ধের মূল লক্ষ্য থেকে বিভ্রান্ত কর্মকর্তাদের চিহ্নিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পার হলেই ট্রাম্প প্রশাসন ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যেই এ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে সরানো হলো। তবে নতুন হামলার বিষয়ে নির্দিষ্ট করে কোনো সময়ের উল্লেখ করেননি ট্রাম্প।

জেনারেল সিলভিয়ার সামরিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি মার্কিন সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ১০১তম এয়ারবোর্ন ডিভিশন (এয়ার অ্যাসল্ট) পরিচালনা করেছেন এবং ইরাক যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্বে ছিলেন।

সূত্র: এপি

/এমএকে/