অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, মাদক-নারীসহ আটক ৮৪

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, মাদক-নারীসহ আটক ৮৪
ছবি: সংগৃহীত

রাতভর ডিজে পার্টি ও মাদকের কারবার পরিচালিত হয় এমন অভিযোগে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকার ওই বাসায় (পুলিশ হাউজিং-১) অভিযান পরিচালনা করে গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। এ সময় মাদকদ্রব্য উদ্ধার ও নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, এটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাসা। তিনি বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। অভিযানে ২৬ জন মহিলা ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এয়ারবিএনবি হলো একটি অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ তাদের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা বা রুম স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিতে পারেন এবং অতিথিরা বুকিং করতে পারেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাসা থেকে গাঁজা, ইয়াবা, মদ, কনডমসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

গোয়েন্দা উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস বলেন, ওই বাসাটি একজন কোহোস্ট ও হোস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। কোহোস্ট মাহবুবুল আলম আটক আছেন।

/জেএইচ/