ফিফা র‌্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের উন্নতি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফিফা র‌্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের উন্নতি
ঋতুপর্ণা চাকমা

এশিয়ান গেমসে টানা দুই ম্যাচে ১৬ গোল হজম করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তাতে শঙ্কা ছিল র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার। সেই ধাক্কার পরও ফিফার সর্বশেষ নারী র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমারা। বাংলাদেশ এখন এগিয়ে ১০৬তম স্থানে উঠে এসেছে।

ফিফা মঙ্গলবার (২০ অক্টোবর) নারী ফুটবলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এশিয়ান গেমসে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট কমেছে যথাক্রমে মাত্র ০.০৬ ও ০.২৮। দুই দলের সঙ্গে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ের ব্যবধান প্রায় ১০০ ধাপ হওয়ায় হারের প্রভাব কম পড়েছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। সেই ম্যাচ থেকে ৪.৬৪ পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের হিসাবে। ফলে মোট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭৫.৩৫।

গত বছর মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ।

বাংলাদেশের সঙ্গে ড্রয়ের প্রভাব পড়েছে মিয়ানমারের র‌্যাঙ্কিংয়েও। এক ধাপ পিছিয়ে ৫৬তম স্থানে নেমেছে তারা। বাংলাদেশের সঙ্গে ড্রয়ের কারণে মিয়ানমার হারিয়েছে ৫.৫৪ পয়েন্ট।

/টিই/