এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী
প্রতীকী ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দিলেও তাতে তেমন সাড়া মিলছে না। ১০ শিক্ষা বোর্ডে এখন পর্যন্ত আবেদন করেছেন মাত্র ১ লাখ ৫৮ হাজার শিক্ষার্থী। অথচ অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজারের বেশি। ফলে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে আগ্রহ দেখাচ্ছেন না আড়াই লাখেরও বেশি শিক্ষার্থী।

শুক্রবার (১৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, ১০টি শিক্ষা বোর্ডে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এখনো একটি বোর্ডের তথ্য পাওয়া যায়নি।ওই বোর্ডকে দ্রুত তথ্য পাঠাতে বলা হয়েছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। নিয়ম অনুযায়ী, তারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু ১০টি বোর্ডে আবেদন করেছেন মাত্র ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন। সে হিসাবে এখন পর্যন্ত ২ লাখ ৬৪ হাজার ৬৩৭ জন শিক্ষার্থীর আবেদনের তথ্য পাওয়া যায়নি। বাকি বোর্ডের তথ্য যুক্ত হলে আবেদন না করা শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা জানা যাবে।

এর আগে, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছিলেন, এসব শিক্ষার্থীর এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এরপর গত ৫ নভেম্বর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। ৯ নভেম্বর পর্যন্ত চলে আবেদন কার্যক্রম। তবে নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য শিক্ষার্থীদের বড় একটি অংশ আবেদন করেননি।

/এসবি/