মাত্র ১২ ঘণ্টায় ব্যাংকক ঘুরে ঢাকায় ফিরলেন মৌ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মাত্র ১২ ঘণ্টায় ব্যাংকক ঘুরে ঢাকায় ফিরলেন মৌ
উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ

রাতের ফ্লাইটে ব্যাংকক যাত্রা, অনুষ্ঠান উপস্থাপনা শেষে একই সাজে আবার ঢাকায় ফেরা-মাত্র কয়েক ঘণ্টায় এমন ব্যতিক্রমী সফর সেরে আলোচনায় উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ।

ঢাকা থেকে ব্যাংককের দূরত্ব দেড় হাজার কিলোমিটারের বেশি। আকাশপথে যেতে সময় লাগে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা। অথচ এতটা পথ পাড়ি দিয়ে ব্যাংককে মাত্র ১২ ঘণ্টার মতো অবস্থান করেছেন মৌসুমী মৌ। নিজের এই ব্যস্ত সফরের নানা মুহূর্ত ভিডিওতে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

সফরের প্রস্তুতি নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিওতে মৌসুমী মৌ বলেন, রাত সাড়ে ৮টার দিকে মেকআপ নিয়ে রাত ২টার ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা ছিল তার। ভোর সাড়ে ৫টায় সেখানে পৌঁছে হোটেলে যেতে যেতে সকাল সাড়ে ৮টা বাজবে। এরপর সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠান উপস্থাপনা শুরু করে বিকেল ৪টায় শেষ করার কথা ছিল। সবশেষে রাতের ফ্লাইটেই ঢাকায় ফেরার পরিকল্পনা করেন তিনি।

তিনি বলেন, যাত্রার আগমুহূর্তে বদলে যায় অনুষ্ঠানের সময়সূচি। বিমানে ওঠার মাত্র দুই ঘণ্টা আগে জানতে পারেন, অনুষ্ঠান সকাল সাড়ে ৯টার পরিবর্তে সাড়ে ৮টায় শুরু হবে। অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই তাকে ব্যাংককের হোটেলে উপস্থিত হতে হবে। ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরও দ্রুত প্রস্তুতি নিতে হয় তাকে।

মৌসুমী মৌ বলেন, এ সফরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পর্যাপ্ত ঘুমের অভাব। আগের রাতেও ঘুমাতে পারেননি তিনি। দীর্ঘ ভ্রমণ ও বিশ্রামহীনতার ধকল সামলে নির্ধারিত সময়ে অনুষ্ঠানের ভেন্যুতে পৌঁছান তিনি। ক্লান্তি কাটিয়ে কাজ চালিয়ে যেতে বারবার পানি পান করার পাশাপাশি ব্ল্যাক কফিও খেতে হয়েছে তাকে।

তবে এমন ব্যস্ত ও ক্লান্তিকর সফর তাঁর কাছে নতুন নয়। এর আগেও মাত্র ১০ ঘণ্টার জন্য থাইল্যান্ড যাওয়ার অভিজ্ঞতা রয়েছে এই উপস্থাপিকার। কাজের প্রতি ভালোবাসা থেকেই বারবার এমন কঠিন সময়সূচি সামলে নিচ্ছেন তিনি।

মৌসুমী মৌ বলেন, উপস্থাপনা আমার ভালোবাসার জায়গা। আর সেই ভালোবাসার টানেই দীর্ঘ পথ ও শারীরিক ক্লান্তিকে উপেক্ষা করে আমার ছুটে চলা।

/এসবি/