শিরোনাম

শুটিংয়ে পোকার কামড়ে হাসপাতালে অভিনেতা, তদন্ত দাবি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
শুটিংয়ে পোকার কামড়ে হাসপাতালে অভিনেতা, তদন্ত দাবি
রাজেশ শর্মা

দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে ‘ফৌজি’ সিনেমার শুটিং করছিলেন অভিনেতা রাজেশ শর্মা। সেখানেই বিষাক্ত পোকার কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।

সংগঠনটি বলছে, শুটিং সেটে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা-সংক্রান্ত নিয়ম-কানুন মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিংয়ে পোকা কামড় দেওয়ার পর রাজেশ শর্মা অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি তখন গুরুত্ব না দিয়ে তিনি কলকাতায় ফিরে আরেকটি শুটিংয়ে অংশ নেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।

এ ঘটনার পর এক্সে দেওয়া এক বিবৃতিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির কাছে উচ্চপর্যায়ের, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে এআইসিডব্লিউএ। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলালের স্বাক্ষরিত বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, রাজেশ শর্মার অবস্থা গুরুতর হওয়ার পর তাকে কেন সঙ্গে সঙ্গে হায়দরাবাদের কোনো হাসপাতালে নেওয়া হয়নি? শুটিং সেটে জরুরি চিকিৎসাসেবা প্রস্তুত ছিল কি না এবং বাধ্যতামূলক স্বাস্থ্য ও কর্মক্ষেত্র-নিরাপত্তাবিষয়ক নিয়মগুলো অনুসরণ করা হয়েছিল কি না, তা তদন্তে বের করে আনার আহ্বান জানানো হয়।

সংগঠনটি আরও দাবি করেছে, তদন্তে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি রাজেশ শর্মার সম্পূর্ণ চিকিৎসার ব্যয় প্রযোজক ও প্রযোজনা সংস্থাকে বহন করারও দাবি জানানো হয়েছে।

রাজেশ শর্মা বাংলা ও হিন্দি দুই ভাষারই পরিচিত অভিনেতা। ‘পারমিতার একদিন’, ‘পরিণীতা’ থেকে শুরু করে ‘দ্য ডার্টি পিকচার’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘এমএস ধোনি’ কিংবা ‘মিশন রানিগঞ্জ’ সহ আলোচিত অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

/এসআর/