শিরোনাম

এসএসসির সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ১৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এসএসসির সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ১৪ মার্চ
এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে জানিয়ে সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (২৪ আগস্ট) এ পরীক্ষার সূচি অনুমোদন করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরপর সেটি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী ৭ থেকে ১৪ জুন পর্যন্ত নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা।

এর আগে গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন। তাতে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা বলা হয়। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে।

এ নিয়ে তখন আলোচনা-সমালোচনা শুরু হয় শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। তবে গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, অংশীজনরা চাইলে ৭ জানুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত থেকে সরে এসে এ পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে।

শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে রমজান মাস ও ঈদুল ফিতরের পর ১৪ মার্চ এ পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিলো শিক্ষা প্রশাসন।

এসএসসির সূচিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করতে হবে। স্কুল থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে পরীক্ষা শুরুর ৭ দিন আগে।

পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।

এবার যারা এসএসসি দেবেন, তারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে। আর নবম-দশম শ্রেণিতে পড়েছেন ২০১০ সালের পরিমার্জিত শিক্ষাক্রম। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় নবম শ্রেণিতে তারা দেরিতে বই পেয়েছেন। ফলে আগের বারের মতো এপ্রিলে পরীক্ষায় বসার প্রস্তুতিতে ছিলেন তারা। মূলত এমন অবস্থায় পরীক্ষা জানুয়ারিতে এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার কারণেই আলোচনা-সমালোচনা শুরু হয়।

এসএসসি পরীক্ষার সূচি দেখুন:

/এফসি/