শিরোনাম

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে আগামী ৮ ডিসেম্বর থেকে। পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের মানতে হবে ছয়টি বিশেষ নির্দেশনা।

রবিবার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হয়েছিল। সেখানে ১৫ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। ৩০ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ও শেষ হবে।

‎সূচির নির্দেশনা বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে।

বিজ্ঞান বিষয়ের জন্য দেড় ঘণ্টা (১ ঘণ্টা ৩০ মিনিট) + বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য দেড় ঘণ্টা (১ ঘণ্টা ৩০ মিনিট) সর্বমোট তিন ঘণ্টা (৩ ঘণ্টা) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের থেকে হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে।

পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।

/এফআর/