শিরোনাম

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শুরু

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শুরু
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ সোমবার (২৭ জুলাই) থেকে আবার শুরু হয়েছে। পাশাপাশি দেশের আরও নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে, গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। একই সিদ্ধান্তের আওতায় আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত করা হয়।

পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ২৩ জুলাই শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত থাকা অবশিষ্ট পরীক্ষা পুনরায় শুরু হবে।

পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, আজ (সোমবার) সকাল ১০টা থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।

এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা শুরু হয়।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে।

জানা গেছে, চলতি বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছে। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ৯৯ হাজার ৬৮৮ জন।

/এফআর/