শিরোনাম

একাদশে ভর্তি: ঢাকার সেরা কলেজগুলোর তালিকা দেখে নিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একাদশে ভর্তি: ঢাকার সেরা কলেজগুলোর তালিকা দেখে নিন

এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর এবার একাদশ শ্রেণিতে ভর্তির প্রস্তুতি শুরু করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। কলেজ বাছাইয়ে ভালো ফল, শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম ও দীর্ঘদিনের সুনাম—সবকিছুই গুরুত্ব পাচ্ছে। রাজধানীতে এসব বিবেচনায় বেশ কয়েকটি কলেজ প্রতিবছরই শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে।

নটর ডেম কলেজ

মতিঝিলের নটর ডেম কলেজ দীর্ঘদিন ধরে ভালো ফলাফল ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষার জন্য পরিচিত। ২০২৫ সালের এইচএসসিতে ৩ হাজার ২২৬ জন পাস করেন। পাসের হার ছিল ৯৯ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪৫৪ জন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

ঢাকা সেনানিবাসের এই প্রতিষ্ঠানটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত। ২০২৫ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২২৯ জন।

রাজউক উত্তরা মডেল কলেজ

একাডেমিক ফল ও সহশিক্ষা কার্যক্রমের কারণে রাজধানীর অন্যতম আলোচিত প্রতিষ্ঠান এটি। ২০২৫ সালের এইচএসসিতে পাসের হার ছিল ৯৯ দশমিক ৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২১৮ জন।

মাইলস্টোন কলেজ

উত্তরার এ বেসরকারি প্রতিষ্ঠানটি বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের শিক্ষার জন্য পরিচিত। ২০২৫ সালে পাসের হার ছিল ৯৯ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭৯১ জন।

ঢাকা কলেজ

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি কলেজগুলোর অন্যতম ঢাকা কলেজ। ২০২৫ সালের এইচএসসিতে ১ হাজার ১২৭ জন পাস করেন। পাসের হার ৯৯ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৫৭ জন।

ঢাকা সিটি কলেজ

ধানমন্ডির এ বেসরকারি কলেজটি উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। ২০২৫ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭৫২ জন।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

রাজধানীর অন্যতম পরিচিত নারী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির পাসের হার ছিল ৯৭ দশমিক ৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯৮৬ জন।

হলি ক্রস কলেজ

তেজগাঁওয়ের এই নারী শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিনের ভালো ফল ও শৃঙ্খলার জন্য পরিচিত। ২০২৫ সালে পাসের হার ছিল ৯৯ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৬০ জন।

ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ

মোহাম্মদপুরের এ প্রতিষ্ঠানটি শিক্ষা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। ২০২৫ সালে পাসের হার ছিল ৯৯ দশমিক ৮০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৫১ জন।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

পিলখানার এ কলেজটি শৃঙ্খলা ও একাডেমিক সাফল্যের জন্য পরিচিত। ২০২৫ সালে পাসের হার ছিল ৯৯ দশমিক ৮৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৭৪ জন।

এ ছাড়া বিএএফ শাহীন কলেজ ঢাকা, সরকারি বিজ্ঞান কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, সেইন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা কমার্স কলেজও শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রকাশিত কলেজ র‍্যাংকিংয়ে জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ ছিল রাজশাহী কলেজ এবং সেরা বেসরকারি কলেজ ছিল ঢাকা কমার্স কলেজ। এই র‍্যাংকিং ২০১৮ সালের, যার ফল প্রকাশ করা হয় ২০২২ সালে। ২০২৬ সালে নতুন র‍্যাংকিংয়ের উদ্যোগ নেওয়া হলেও এর চূড়ান্ত ফল এখনো প্রকাশ হয়নি।

একাদশে ভর্তির সময় শুধু জিপিএ-৫ বা পাসের হার নয়—নিজের ফলাফল, পছন্দের বিভাগ, আসনসংখ্যা, যাতায়াত, শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে কলেজের পছন্দক্রম ঠিক করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

/এবি/