শিরোনাম

পোশাক রপ্তানিতে আবারও দ্বিতীয় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পোশাক রপ্তানিতে আবারও দ্বিতীয় বাংলাদেশ
তৈরি পোশাক কারখানা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

শ্রমিক অসন্তোষ, ব্যাংকিং খাতের জটিলতা এবং যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে অনিশ্চয়তা সত্ত্বেও তৈরি পোশাক রপ্তানিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ।

এতে বলা হয়েছে, গত বছর বাংলাদেশ ৩৮.৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় যা প্রায় ২ বিলিয়ন ডলার বেশি।

তবে দুশ্চিন্তার খবরও আছে। জরিপ অনুযায়ী, বছর ব্যবধানে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ।

ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) তথ্য অনুসারে, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় ৮.১ শতাংশ কমে ৩.২৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ সরবরাহকারী হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ভিয়েতনাম।

অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে ভিয়েতনাম। তারা দ্রুত এগিয়ে আসছে। পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়াও প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করছে। তাই দ্বিতীয় অবস্থান ধরে রাখতে হলে বাংলাদেশের উৎপাদনে অটোমেশন বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার করতে হবে।

প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক রপ্তানিতে আবারও বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে চীন। তালিকায় তৃতীয় স্থানে ভিয়েতনাম। ভারত ও তুরস্ক যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।

/জেএইচ/