শিরোনাম

ট্রাম্পের ঘোষণায় কমলো তেলের দাম

সিটিজেন ডেস্ক
ট্রাম্পের ঘোষণায় কমলো তেলের দাম

গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছিল। যেকোনো সময় ইরানে হামলা হতে পারে এমন মুহূর্তে হঠাৎ হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ আলোচনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ট্রাম্পের এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি কমে গেছে।

মঙ্গলবার (১৯ মে) ট্রুথ সোশ্যালে ট্রাম্পের মন্তব্যের পর বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১১২ ডলার (৮৩ পাউন্ড) থেকে কমে ১০৯ ডলারে নেমে এসেছে।

এছাড়া এশিয়ার বাজারে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল ২ দশমিক ০৮ ডলার কমে ১০২ দশমিক ৩৪ ডলারে নেমে আসে।

এর আগে ট্রাম্পের ইরানে হামলার ইঙ্গিতে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল।

বিশ্লেষকদের মতে, কয়েকদিনের উত্তেজনাকর পরিস্থিতি শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা কিছুটা কমে গেছে। ফলে আপাতত তেল সরবরাহ ব্যাহত হওয়ার ভয়ও কমেছে। এতে বাজারে স্বস্তি ফিরে এসেছে এবং তেলের দাম কমা শুরু করেছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

/জেএইচ/