শিরোনাম

রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো

রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো
বেড়েছে রিজার্ভ (ছবি: সিটিজেন গ্রাফিক্স)

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা সঞ্চিতিতে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ২৪৫ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৩ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার।

সোমবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২ ফেব্রুয়ারি দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৮ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানি আয়ে স্থিতিশীলতার ফলে রিজার্ভের এই অবস্থান নিশ্চিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, বর্তমান এই রিজার্ভ দিয়ে দেশের কয়েক মাসের আমদানি ব্যয় অনায়াসে মেটানো সম্ভব, যা দেশের অর্থনীতির জন্য স্বস্তির খবর।

আইএমএফের শর্তানুযায়ী বর্তমানে বাংলাদেশ ব্যাংক নিট রিজার্ভ এবং গ্রস রিজার্ভ উভয় হিসাবই আলাদাভাবে প্রকাশ করে আসছে।

প্রসঙ্গত, ২০২২ সালে দেশের ডলার বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। তখন প্রতি ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১২২ টাকায় পৌঁছায়। তৎকালীন আওয়ামী লীগ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক নানা পদক্ষেপ নিলেও ডলার বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি। একপর্যায়ে রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করতে হয়।

/টিই/