বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম
জ্বালানি তেল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান ধ্বংসের হুমকির মধ্যেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন পুনরায় চালু হয়েছে। এতে পারস্য উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ বৃদ্ধিতে বিশ্ববাজারে টানা ষষ্ঠ সেশনের মতো অপরিশোধিত তেলের দাম কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ১.০৯ ডলার বা ১.১ শতাংশ কমে ৯৮.১৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১.৫০ ডলার বা ১.৬৭ শতাংশ কমে ৮৯.০১ ডলারে নেমেছে।

ট্রাম্প ইরান ধ্বংসের হুমকির দিলেও তার প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছেন বলে জানান। নিউইয়র্কে এই বৈঠকের পর বাজারে প্রায় সাত মাস ধরে চলা সংঘাত অবসানের আশা দেখা দিয়েছে। এতে ৮ সেপ্টেম্বরের পর মঙ্গলবার প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের নিচে নেমে আসে।

ইরাকি মিলিশিয়াদের ড্রোন হামলার কারণে গত ১১ সেপ্টেম্বর সৌদি আরব তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করতে বাধ্য হয়। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় দেশটি এই পথেই তেল রপ্তানি করে আসছিল। বৈশ্বিক চাহিদার প্রায় ৪ শতাংশ অর্থাৎ দৈনিক ৪০ লাখ ব্যারেল তেল ইয়ানবু বন্দরে পাঠানোর এই ব্যবস্থাটি মঙ্গলবার পুনরায় চালু করা হয়। যা বাজারে সরবরাহ সংক্রান্ত স্বস্তি বাড়িয়েছে।

সূত্র: রয়টার্স

/জেএইচ/