স্বর্ণের দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্বর্ণের দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের বাজারে টানা দ্বিতীয় দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা এবং ১৮ ক্যারেটে ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৯১ টাকা এবং ২১ ক্যারেট ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঘোষিত এ বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী যথারীতি মজুরি প্রযোজ্য হবে। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর রাখার নির্দেশ দিয়েছে সংগঠনটি।

/জেএইচ/