রাজধানীজুড়ে অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাজধানীজুড়ে অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯
ছবি: সিজেডএন গ্রাফিক্স

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে সবচেয়ে বেশি তেজগাঁও বিভাগ থেকে ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে মোট ২৬টি মামলা দায়ের করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ ৩৬, ওয়ারী ৭৯, মতিঝিল ৮৩, তেজগাঁও ১০১, মিরপুর ৯৬, গুলশান ৩৬ এবং উত্তরা ৩৭ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জন ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, ১টি মোটরসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার টাকা, ১টি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

এছাড়া ৩টি ধারালো ছোরা, পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলির খোসা এবং ৩৫ লাখ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধী। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

/জেএইচ/