জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
ছবি: সিজেডএন গ্রাফিক্স

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিকে উল্লিখিত ‘উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)’ পদের শিক্ষাগত যোগ্যতা সংশোধন করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। পদটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সুনির্দিষ্ট করার দাবি জানিয়েছে সঙগঠনটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর এই দাবি জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিকে ১০ম গ্রেডভুক্ত ‘উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)’ পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদেরও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। এটি সরকারের বিদ্যমান আইন ও প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেছে সংগঠনটি।

আইডিইবি জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯৯৪ সালের ১৯ নভেম্বরের স্মারক এবং অর্থ মন্ত্রণালয়ের ৩ ডিসেম্বর ১৯৯৪ সালের স্মারক অনুযায়ী ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্য নির্ধারিত। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ১৯৭৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের বিভিন্ন দপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে অভিন্ন পদবি দেওয়ার বাধ্যবধকতা রয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।

​সংগঠনের নেতারা অভিযোগ করেন, সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত দেশের ৮ লাখ ডিপ্লোমা প্রকৌশলী ও ৪ লাখ শিক্ষার্থীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিক সংশোধন করে উপ-সহকারী প্রকৌশলী পদে শুধু কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ রেখে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানানো হয়েছে। অন্যথায় সমগ্র প্রকৌশল অঙ্গনে চরম অসন্তোষ সৃষ্টি হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

/জেএইচ/