টানা ৯ দফা পতনের পর এবার বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
টানা ৯ দফা পতনের পর এবার বাড়লো স্বর্ণের দাম
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

টানা নয় দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে টানা ৯ দফা স্বর্ণের দাম কমিয়েছিলো সংস্থাটি।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা এবং ২১ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা এবং ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯২৫ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সেইসঙ্গে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

/জেএইচ/