লাখ টাকা কমেছে সোনার দাম, আরও কমবে নাকি বাড়বে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
লাখ টাকা কমেছে সোনার দাম, আরও কমবে নাকি বাড়বে
স্বর্ণের গয়নার প্রতীকী ছবি

বিশ্ববাজারে সোনার দাম কমছেই। গত ২০ নভেম্বর প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ৩ হাজার ৫১৯ ডলারে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই সর্বনিম্ন দাম। অথচ চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৫ হাজার ৫৯৫ ডলার হয়ে গিয়েছিল। মাত্র ১০ মাসের ব্যবধানে সর্বোচ্চ দাম থেকে এক-তৃতীয়াংশের বেশি কমেছে সোনার দর। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ বলছে, ২০১৫ সালের পর এবারই সবচেয়ে খারাপ সময় পার করছে সোনার বাজার।

আন্তর্জািতিক বাজারে সোনার দরপতনের প্রভাব দেশের বাজারেও পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চলতি নভেম্বর মাসে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৬৯০ টাকা কমিয়েছে। এর মধ্যে গত ২০ নভেম্বর এক দিনেই কমানো হয়েছে ১০ হাজার ৯৫৪ টাকা। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

চলতি বছরের জানুয়ারিতে ভ্যাটসহ এক ভরি সোনা কিনতে খরচ হতো প্রায় ৩ লাখ ৩০০ টাকা। সেই হিসাবে বছরের ব্যবধানে ভরিতে দাম কমেছে ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা।

সোনার দামে এমন বড় পতনের পর ক্রেতা ও বিনিয়োগকারীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে, দাম কি আরও কমবে, নাকি আবার বাড়তে শুরু করবে? এ প্রশ্নের নিশ্চিত উত্তর দেওয়ার সুযোগ নেই। তবে অতীতের দরপতন এবং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে সোনার বাজারের সম্ভাব্য গতিপথ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।

কেন কমছে সোনার দাম

সোনা কিনে রাখলে তা থেকে কোনো সুদ পাওয়া যায় না। অন্যদিকে ব্যাংক বা সরকারি বন্ডে বিনিয়োগ করলে সুদ পাওয়া যায়। ফলে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ কমে যায়। চলতি বছর যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার কারণে সোনার বাজারে এর প্রভাব পড়েছে।

গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার ০ দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশ করেছে। ২০২৩ সালের পর এটিই ছিল সংস্থাটির প্রথম সুদহার বৃদ্ধি। ডিসেম্বরে আরও এক দফা সুদের হার বাড়তে পারে বলে বাজারে আলোচনা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদ বেড়েছে। পাশাপাশি শক্তিশালী হয়েছে ডলার। সুদের হার বৃদ্ধি, বন্ডের মুনাফা বেড়ে যাওয়া এবং ডলারের শক্তিশালী অবস্থান, সব মিলিয়ে সোনার দামের ওপর চাপ তৈরি হয়েছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা কমে যাওয়ায় তেলের দাম বেড়েছে। এতে বিশ্ববাজারে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়ানো হতে পারে, এমন ধারণাও সোনার দামের ওপর প্রভাব ফেলছে। সাধারণত যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতার সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ে। কিন্তু এবার যুদ্ধের কারণে তেলের দাম ও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা সোনার বাজারে উল্টো প্রভাব ফেলছে।

অতীতের দরপতন থেকে কী জানা যায়

বিশ্বব্যাংকের সংকলিত মাসিক গড় দামের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১৯৭১ সালে মার্কিন ডলারের সঙ্গে সোনার নির্দিষ্ট বিনিময়মূল্যের সম্পর্ক শেষ হওয়ার পর থেকে বিশ্ববাজারে অন্তত আটবার বড় ধরনের দরপতন হয়েছে। চলতি বছরের দরপতনও এর মধ্যে রয়েছে।

১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলারের বিনিময়ে বিদেশি সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সোনা দেওয়ার ব্যবস্থা বন্ধ করে দেন। ‘নিক্সন শক’ নামে পরিচিত ওই ঘটনার পর থেকে সোনার দাম আন্তর্জাতিক বাজারে ওঠানামা করতে শুরু করে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার মাসিক গড় দাম ছিল ৫ হাজার ২০ ডলার। জুলাইয়ে তা কমে দাঁড়ায় ৪ হাজার ৭৩ ডলারে। নভেম্বরেও দাম বর্তমান পর্যায়ে থাকলে সর্বোচ্চ অবস্থান থেকে পতনের পরিমাণ ২২ থেকে ২৫ শতাংশ হতে পারে।

তবে অতীতের হিসাবে এর চেয়েও বড় দরপতন হয়েছে তিনবার। ১৯৭৪ থেকে ১৯৭৬ সালের মধ্যে সোনার দাম কমেছিল প্রায় ৪০ শতাংশ। আগের সর্বোচ্চ দামে ফিরতে সময় লেগেছিল সোয়া তিন বছর।

১৯৮০ সালের জানুয়ারিতে সর্বোচ্চ দামে ওঠার পর সোনার দাম কমতে থাকে। ১৯৯৯ সাল পর্যন্ত এ দরপতনের পরিমাণ দাঁড়ায় ৬২ শতাংশ। আগের সর্বোচ্চ দামে ফিরতে সেবার সময় লেগেছিল ২৬ বছর।

এরপর ২০১১ সালের সেপ্টেম্বরে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে ওঠে। সেখান থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত দাম কমেছিল ৩৯ শতাংশ। আগের সর্বোচ্চ দাম ছাড়াতে সময় লেগেছিল প্রায় নয় বছর। ২০২০ সালের জুলাইয়ে সোনা আবার সেই অবস্থান অতিক্রম করে।

অবশ্য সব দরপতনের পর ঘুরে দাঁড়াতে এত দীর্ঘ সময় লাগেনি। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময় সোনার দাম প্রায় ২১ শতাংশ কমেছিল। কিন্তু দেড় বছরের মধ্যেই দাম আগের সর্বোচ্চ অবস্থান ছাড়িয়ে যায়।

অতীতের এসব তথ্য থেকে বোঝা যায়, বড় দরপতনের পর সোনার দাম আবারও আগের সর্বোচ্চ অবস্থানে ফিরেছে। তবে ওই অবস্থানে কত দিনে ফিরবে, তা নির্ভর করে বাজারের পরিস্থিতির ওপর। কখনো কয়েক মাসে ঘুরে দাঁড়িয়েছে, আবার কখনো কয়েক দশকও লেগেছে।

টাকার হিসাবে লোকসানের পরিমাণ আরও বেশি

বিশ্ববাজারে সোনার দাম ডলারে নির্ধারিত হলেও বাংলাদেশের মানুষ সোনা কেনেন টাকায়। তাই দেশের বাজারে সোনার দাম কতটা কমল বা বাড়ল, তা বুঝতে ডলারের বিপরীতে টাকার বিনিময় হারও বিবেচনায় নিতে হয়।

১৯৯০ সালে এক ডলার কিনতে প্রায় ৩৫ টাকা লাগত। বর্তমানে লাগে প্রায় ১২৫ টাকা। অর্থাৎ সময়ের সঙ্গে ডলারের বিপরীতে টাকার মান কমেছে। ডলারের দাম বাড়লে বিশ্ববাজারে সোনার দাম কমলেও দেশের বাজারে তার প্রভাব পুরোপুরি পড়ে না। কারণ, একই পরিমাণ সোনা কিনতে তখন বেশি টাকা খরচ করতে হয়।

এর পাশাপাশি রয়েছে মূল্যস্ফীতি। প্রতিবছর পণ্য ও সেবার দাম বাড়ছে। ফলে আগের সমপরিমাণ টাকা দিয়ে এখন আর আগের মতো পণ্য কেনা যায় না। তাই সোনার দাম আগের অবস্থানে ফিরে গেলেও বিনিয়োগকারীর প্রকৃত লোকসান পুষিয়ে গেছে, এমনটি বলা যায় না।

এ বিষয়টি বোঝাতে ২০১২ সালের একটি উদাহরণ দেওয়া যায়। ওই বছরের সেপ্টেম্বরে টাকার হিসাবে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে ছিল। তখন কেউ ১ লাখ টাকার সোনা কিনলে ২০১৫ সালের ডিসেম্বরে তার দাম কমে দাঁড়াত প্রায় ৫৯ হাজার ৫০০ টাকা। অর্থাৎ সরাসরি হিসাবে লোকসান হতো ৪০ হাজার ৫০০ টাকা।

কিন্তু মূল্যস্ফীতি বিবেচনায় নিলে লোকসানের পরিমাণ আরও বেশি। ২০১২ সালে ১ লাখ টাকায় যে পরিমাণ পণ্য কেনা যেত, ২০১৫ সালের ডিসেম্বরে একই পরিমাণ পণ্য কিনতে প্রয়োজন হতো প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা। অর্থাৎ আগের ক্রয়ক্ষমতার তুলনায় ঘাটতি ছিল প্রায় ৫২ হাজার টাকার সমান।

শুধু টাকার হিসাবে সোনার দাম আগের অবস্থানে ফিরতে সময় লেগেছিল সাড়ে সাত বছর, ২০২০ সালের এপ্রিল পর্যন্ত। আর মূল্যস্ফীতি বিবেচনায় আগের ক্রয়ক্ষমতা ফিরে পেতে সময় লেগেছিল প্রায় সাড়ে ১২ বছর, ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।

চলতি বছর ডলারের দাম খুব বেশি বাড়েনি। ১২২ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে হয়েছে ১২৪ টাকা ৭৪ পয়সা। ফলে টাকার অবমূল্যায়নের কারণে বিশ্ববাজারে সোনার দাম কমার প্রভাব এবার খুব একটা আড়াল হয়নি।

বিশ্বব্যাংকের মাসিক গড় দামের হিসাবে, ফেব্রুয়ারিতে কেউ ১ লাখ টাকার সোনা কিনলে অক্টোবরে তার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৮২ হাজার টাকা। অর্থাৎ লোকসান হয়েছে ১৮ হাজার টাকা। মূল্যস্ফীতি হিসাব করলে প্রকৃত লোকসানের পরিমাণ প্রায় ২২ হাজার টাকা। একই সময়ে ডলারের হিসাবে সোনার দাম কমেছে প্রায় ১৮ শতাংশ। অর্থাৎ বছরের শুরুতে সোনা কেনা ব্যক্তিদের ক্রয়ক্ষমতার হিসাবে ক্ষতির পরিমাণ আরও বেশি।

দেশের বাজারে ভরিতে কমেছে ৯১ হাজার টাকা

দেশের বাজারে গত ২৯ জানুয়ারি ২২ ক্যারেট সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। তখন প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। গত ২১ নভেম্বর তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। অর্থাৎ ঘোষিত দরের হিসাবে ভরিতে কমেছে ৯১ হাজার ৩৭ টাকা বা প্রায় ৩২ শতাংশ।

তবে জানুয়ারি ও নভেম্বরের দামের মধ্যে ভ্যাটের হিসাবের পার্থক্য রয়েছে। জানুয়ারিতে সোনা কেনার সময় ঘোষিত দামের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট দিতে হতো। পরে গত জুনে সংসদে পাস হওয়া অর্থ বিলে ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ভরিপ্রতি ২ হাজার ৫০০ টাকা নির্দিষ্ট ভ্যাট নির্ধারণ করা হয়। ১৮ জুন থেকে বাজুস ভ্যাটসহ সোনার দাম ঘোষণা করছে।

এ হিসাবে জানুয়ারিতে এক ভরি সোনা কিনতে ক্রেতার খরচ হতো প্রায় ৩ লাখ ৩০০ টাকা। বর্তমানে একই পরিমাণ সোনা কিনতে খরচ হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। অর্থাৎ ক্রেতার প্রকৃত ব্যয়ের হিসাবে দাম কমেছে প্রায় ৩৫ শতাংশ। তবে অলংকার তৈরির মজুরি এর বাইরে।

এদিকে পুরোনো সোনা বিক্রি ও বদলে নতুন সোনা কেনার নিয়মেও পরিবর্তন এনেছে বাজুস। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, আজ রোববার থেকে পুরোনো অলংকার বিক্রির সময় ১৮ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ বাদ দেওয়া হবে। আর পুরোনো সোনা দিয়ে নতুন অলংকার কিনলে আগের ১২ শতাংশের পরিবর্তে ৯ শতাংশ বাদ যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, বর্তমান দামে ২২ ক্যারেটের এক ভরি পুরোনো সোনা বিক্রি করলে পাওয়া যাবে প্রায় ১ লাখ ৬৫ হাজার ৭১৯ টাকা। অর্থাৎ জানুয়ারিতে প্রায় ৩ লাখ ৩০০ টাকায় এক ভরি সোনা কেনা ব্যক্তি এখন বিক্রি করলে লোকসান হবে প্রায় ১ লাখ ৩৪ হাজার ৫৮২ টাকা। লোকসানের পরিমাণ প্রায় ৪৫ শতাংশ। এর সঙ্গে অলংকার তৈরির মজুরি যোগ করলে প্রকৃত লোকসান আরও বাড়বে।

চলতি বছর সোনার দাম ঘন ঘন পরিবর্তন হয়েছে। ২০২৫ সালে বাজুস পুরো বছরে ৯৩ বার দাম সমন্বয় করেছিল। অথচ চলতি বছরের ১৯ সেপ্টেম্বরের মধ্যেই দাম সমন্বয়ের সংখ্যা দাঁড়ায় ১১৬। এর মধ্যে ৫৮ বার দাম বেড়েছে এবং ৫৮ বার কমেছে। শুধু নভেম্বরের ২১ তারিখ পর্যন্ত ১২ বার দাম পরিবর্তন করা হয়েছে।

সোনা কেনার ক্ষেত্রে সতর্কতা জরুরি

অনেকেই বিপদের সময়ের সঞ্চয় কিংবা দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে সোনা কিনে রাখেন। তবে অতীতের তথ্য বলছে, সোনার দাম দীর্ঘ মেয়াদে বাড়লেও সর্বোচ্চ দামে কিনলে লোকসান কাটিয়ে উঠতে অনেক বছর অপেক্ষা করতে হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সময় লেগেছে এক যুগেরও বেশি।

বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য বিষয়টি আরও জটিল। কারণ, বিশ্ববাজারে সোনার দাম আগের অবস্থানে ফিরে এলেও ডলারের বিনিময় হার ও মূল্যস্ফীতির কারণে টাকার হিসাবে আগের ক্রয়ক্ষমতা ফিরে পেতে আরও সময় লাগতে পারে।

তাই সোনার দাম কমেছে বলে তাড়াহুড়া করে কেনা কিংবা আরও কমবে ভেবে লোকসানে বিক্রি করা, কোনোটিই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া ছাড়া ঠিক হবে না। বিনিয়োগের আগে বাজারের পরিস্থিতি, নিজের আর্থিক সামর্থ্য এবং কত দিনের জন্য বিনিয়োগ করছেন, তা বিবেচনায় রাখা জরুরি।

/এমআর/