বিশ্ববাজারে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বিশ্ববাজারে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম
স্বর্ণের বার ও কয়েন

বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা পতনের ধারাবাহিকতায় শুক্রবার (২০ নভেম্বর) প্রতি আউন্স স্বর্ণের দাম ১৪ মাসের মধ্যে সবচেয়ে নিচে নেমেছে। সুদের হার বাড়ার শঙ্কা, ডলারের বাড়তি দাপট আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের শেয়ারে ধসের জেরে মূল্যবান ধাতুর বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

রয়টার্সের খবর অনুযায়ী, শুক্রবার লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে ছুঁয়েছিল। এরপর বাংলাদেশ সময় শনিবার (২১ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটে স্পট গোল্ড থিতু হয় ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে। আগের দিনের চেয়ে এ দাম ৩ শতাংশ কম।

সব মিলিয়ে টানা পাঁচ কার্যদিবস দরপতনের মুখে পড়ল মূল্যবান ধাতুটি। চলতি সপ্তাহে এখন পর্যন্ত বিশ্ববাজারে দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। ২০ মার্চের পর এটিই এক সপ্তাহে সবচেয়ে বড় পতনের রেকর্ড। এদিকে ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ভবিষ্যৎ দরও ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ ডলার ৪০ সেন্টে দাঁড়িয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, এআই খাতের শেয়ারে লোকসান গুনতে থাকা বিনিয়োগকারীরা সেই ধাক্কা সামলাতেই হাতে থাকা স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে শক্তিশালী ডলার এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা যা স্বর্ণের দামকে নিচের দিকে টেনে নিয়েছে।

ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক কথাতেও সুদের হার বাড়ানোর আভাস স্পষ্ট। ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসন মূল্যস্ফীতির ঝুঁকির কথা উল্লেখ করে বলেছেন, পরিস্থিতি বিবেচনায় সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে। বিশ্লেষকদের হিসাব বলছে, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে ৯৬ শতাংশ।

স্বর্ণের পাশাপাশি চাপে রয়েছে অন্য মূল্যবান ধাতুগুলোও। শুক্রবার রুপার দাম ৪ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৯৯ সেন্টে নেমেছে। পাশাপাশি প্লাটিনাম ৩ দশমিক ৪ শতাংশ এবং প্যালাডিয়াম ২ দশমিক ১ শতাংশ দর হারিয়েছে।

তবে বাজার বিশ্লেষক জিম ওয়াইকফের ধারণা, আগামী কয়েক কার্যদিবসে স্বর্ণ ও রুপার দাম আরও কমতে পারে। তবে খুব শিগগিরই এ দুই ধাতুর দামে নিম্নমুখী প্রবণতা থামতে পারে বলেও মনে করেন তিনি।

সূত্র: রয়টার্স

/এমএকে/