২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম, এবার কত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম, এবার কত
স্বর্ণালঙ্কার। ছবি: সিটিজেন জার্নাল

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে বুধবার (২৮ অক্টোবর) স্বর্ণের দাম বাড়িয়েছিলো সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা এবং ২১ ক্যারেটে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ২ হাজার ৩৯১ টাকা।

/জেএইচ/