লিটনের চোট নিয়ে যা জানালো বিসিবি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
লিটনের চোট নিয়ে যা জানালো বিসিবি
ব্যাটিংয়ের সময় আঘাত পান লিটন দাস

চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারেননি লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান মিরপুর টেস্ট দিয়ে জাতীয় দলে ফেরেন। তবে ব্যাটিংয়ের সময় নতুন করে কনুইয়ে আঘাত পান লিটন। যে কারণে ফিল্ডিংয়ে নামার সময় স্কোয়াডের বাইরে থাকা জাকের আলী অনিকের হাতে উঠেছে উইকেটকিপারের গ্লাভস।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রানে অলআউট হয়েছে। তখন ৩৪ রানে অপরাজিত ছিলেন লিটন। তবে কনুইয়ে আঘাতের কারণে তার অস্বস্তি ছিল স্পষ্ট।

বিসিবির পাঠানো বিবৃতিতে লিটনের চোট নিয়ে জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়জেদুল ইসলাম খান জানান, ‘বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় আঘাত পাওয়ায় লিটন দাসের ডান কনুই থেঁতলে গেছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। জাকের আলী বদলি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন।’

এর আগে ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলসের লাফিয়ে ওঠা একটি বল লিটনের কনুইয়ে আঘাত করেছিল। এরপর বাংলাদেশ দল শেষ ১০ রানে হারিয়েছে ৪ উইকেট।

/টিই/