শিরোনাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরমোস্তাকুর রহমান। ছবি: সিটিজেন গ্রাফিক্স

আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গর্ভনর পদে থাকাকালীন অবস্থায় মোস্তাকুর রহমান চুক্তি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

একই দিন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর হিসেবে আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হয়েছে।

নতুন গর্ভনর হিসেবে নিয়োগ পাওয়া মোস্তাকুর রহমান কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) পেশাজীবী। ৩৩ বছরের বেশি সময় ধরে তিনি এ খাতে কাজ করছেন। সিএমএ পেশাজীবীরা মূলত উৎপাদন, উৎপাদনশীলতা এবং কৌশলগত আর্থিক পরিকল্পনা নিয়ে কাজ করেন।

মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), আবাসন ব্যবসায়ীদের সংগঠন (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (এটিএবি) এবং ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ (ডিসিসিআই) বিভিন্ন পেশাদার ও শিল্প সংগঠনের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করেছেন।

/এসআর/