এক বছরে ফ্ল্যাট বিক্রি কমেছে প্রায় ৩৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এক বছরে ফ্ল্যাট বিক্রি কমেছে প্রায় ৩৫ শতাংশ
ছবি: এআই সম্পাদিত

একসময় নিজের একটি ফ্ল্যাট কেনা ছিলো মধ্যবিত্তের জীবনের অন্যতম স্বপ্ন। সারা জীবনের সঞ্চয়, ব্যাংক ঋণ কিংবা কিস্তির ভরসায় সেই স্বপ্ন পূরণের চেষ্টা করতেন অনেকেই। কিন্তু সেই স্বপ্ন যেনো ক্রমেই কঠিন হয়ে উঠেছে। গত এক বছরে আবাসন বাজারে ফ্ল্যাট বিক্রি ও বুকিং প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ কমেছে। এতে একদিকে যেমন আবাসন প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক চাপের মুখে পড়ছে, অন্যদিকে নির্মাণসংশ্লিষ্ট শিল্প ও বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।

আবাসন খাতসংশ্লিষ্টদের হিসাবে, ঢাকার প্রায় ২ কোটি মানুষের এখনো নিজস্ব বাসস্থান নেই। অর্থাৎ বিপুল চাহিদা থাকা সত্ত্বেও ফ্ল্যাট বিক্রির গতি কমে যাওয়ায় প্রশ্ন উঠছে এর পেছনের কারণ নিয়ে। তবে বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের মতে, এর পেছনে একক কোনো কারণ নেই। মানুষের আয়-ব্যয়ের ভারসাম্যহীনতা, ঋণের উচ্চ সুদ, নির্মাণব্যয় বৃদ্ধি এবং কর ও নিবন্ধন ব্যয়- সব মিলেই সংকট আরও গভীর হয়েছে।

আবাসন উদ্যোক্তারা বলছেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে মানুষের দৈনন্দিন ব্যয় বেড়েছে। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও বাসাভাড়ার মতো মৌলিক খরচ মেটাতে অনেক পরিবারকে হিমশিম খেতে হচ্ছে। ফলে ফ্ল্যাট কেনার জন্য দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করলেও অনেকে সেই অর্থ অন্য প্রয়োজনীয় খাতে ব্যয় করছেন অথবা ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত স্থগিত রাখছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৩৪ শতাংশ। আগস্টে এই হার ছিল ৮.২৬ শতাংশ। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ৭.০২ শতাংশ থেকে বেড়ে ৭.২২ শতাংশ হয়েছে। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমে ৯.৩২ শতাংশ থেকে ৯.৩ শতাংশে দাঁড়িয়েছে।

২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত আগের ১২ মাসে গড় মূল্যস্ফীতি ছিল ৮.৬৫ শতাংশ। এর আগের ১২ মাসে এই হার ছিল ৯.৪৫ শতাংশ।

অন্যদিকে অক্টোবর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.২৭ শতাংশে দাঁড়িয়েছে। আর খাদ্য মূল্যস্ফীতি কমে ৬.৪০ শতাংশ হয়েছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে খাদ্যবহির্ভূত খাতে। অক্টোবর মাসে এ খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৮৯ শতাংশ। আগের মাস সেপ্টেম্বরে যা ছিল ৯.৩০ শতাংশ।

এই মূল্যস্ফীতির সঙ্গে যুক্ত হয়েছে গৃহঋণের উচ্চ সুদহার। বড় অঙ্কের ঋণ নিলে মাসিক কিস্তির চাপ কতটা হবে, সেটিও মানুষের মাঝে প্রভাব ফেলছে। ফলে প্রয়োজন থাকলেও অনেকেই ঋণ নিয়ে ফ্ল্যাট কেনার ঝুঁকি নিতে চাইছেন না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারিতে গৃহঋণের সর্বোচ্চ সুদের হার ছিল ৯ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারিতে তা বেড়ে ১৭ শতাংশে পৌঁছায়। ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত উচ্চ হারই বিদ্যমান ছিল।

অন্যদিকে নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির কারণে আবাসন প্রকল্পের ব্যয়ও বেড়েছে। ব্যবসায়ীদের হিসাবে, গত ১ বছরে নির্মাণসামগ্রীর দাম ৩১ শতাংশের বেশি বেড়েছে। আর সামগ্রিক নির্মাণ ব্যয় বৃদ্ধির হার প্রায় ৪৩ শতাংশ। এসব কারণে গত একবছরে ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০ থেকে ৩৫ শতাংশ।

কর ও নিবন্ধন ব্যয়ও আবাসন ব্যবসার ওপর বাড়তি চাপ তৈরি করেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ফ্ল্যাটের সরকারি মূল্যের ওপর নতুন করে ১৫ শতাংশ মূলধনি মুনাফা কর আরোপ করা হয়েছে। নিবন্ধন ব্যয় কিছু ক্ষেত্রে মোট মূল্যের ১৩ শতাংশেরও বেশি হয়ে যাচ্ছে। এসব কারণে ফ্ল্যাটের বিক্রি কমছে।

আবাসন খাতের মন্দার প্রভাব পড়েছে এর সঙ্গে যুক্ত অন্যান্য শিল্পেও। রড, সিমেন্ট, সিরামিক, কাচ, অ্যালুমিনিয়াম, কাঠ ও বৈদ্যুতিক সরঞ্জামসহ ২৬৯টি সহযোগী শিল্প আবাসন খাতের ওপর নির্ভরশীল। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রডের বিক্রি সর্বোচ্চ ৪৫ শতাংশ কমেছে। সিরামিক পণ্যের চাহিদা কমেছে ২০ থেকে ৩০ শতাংশ। আর বৈদ্যুতিক সরঞ্জামের বিক্রি কমেছে সর্বোচ্চ ৫০ শতাংশ।

ব্যবসায়ীরা বলছেন, আবাসন ও সংশ্লিষ্ট শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। আবাসন খাতের প্রভাবে ব্যবসায়িক কার্যক্রম কমে যাওয়ায় এসব মানুষের জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় নির্মাণ ও বিক্রয় কার্যক্রম স্থবির থাকলে এর নেতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে। সংকট কাটাতে স্বল্প সুদের দীর্ঘমেয়াদি গৃহঋণ এবং বিশেষ অর্থায়ন তহবিল গঠন করা যেতে পারে। পাশাপাশি ঢাকার বাইরে সাশ্রয়ী আবাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করছেন তারা।

/জেএইচ/