শিরোনাম

৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫ শতাংশ: এনবিআর

নিজস্ব প্রতিবেদক
৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫ শতাংশ: এনবিআর
ছবি: সংগৃহীত

৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, ৫ শতাংশ কাটতে হবে– এমন আদেশ দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এনবিআর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, আগের মতো ৫ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার ওপর কোনো উৎসে কর কাটা হবে না।

গত জানুয়ারি মাস থেকে সঞ্চয়পত্রের গ্রাহকেরা অভিযোগ করে আসছেন, ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের ওপর মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কাটা হচ্ছে। এ নিয়ে সঞ্চয়পত্রের গ্রাহকদের মধ্যে একধরনের ক্ষোভ দেখা গেছে। বিষয়টি এনবিআরের নজরে এলে আজ উৎসে করের বিষয়টি স্পষ্ট করে ব্যাখ্যা দেওয়া হয়।

এনবিআরে চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের প্রজ্ঞাপন অনুসারে সব সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ ৫ লাখ টাকা অতিক্রম না করলে অর্জিত মুনাফার ওপর উৎসে কর কাটার হার হবে ৫ শতাংশ।

কোনো ব্যক্তির কোনো আয়বর্ষে শুধু পেনশনার সঞ্চয়পত্রে পুঞ্জীভূত বিনিয়োগ ৫ লাখ টাকা অতিক্রম না করলে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার শূন্য শতাংশ হবে। এর মানে, কোনো উৎসে কর বসবে না।

আয়কর আইন ২০২৩–এর ধারা ১০৫ অনুযায়ী, কোনো ব্যক্তির কোনো আয়বর্ষে সব ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে অর্জিত মুনাফার ওপর উৎসে কর করের হার ১০ শতাংশ হবে।

বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের চার ধরনের সঞ্চয় আছে। এগুলো হলো– পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ও ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্র ছাড়া বাকি সব সঞ্চয়পত্রে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে পারে।

/এফসি/