শিরোনাম

মিছিল সহকারে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম, নেই চাকরিচ্যুতরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিছিল সহকারে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম, নেই চাকরিচ্যুতরা
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মিছিল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টানা দুই দিন মুখোমুখি অবস্থান নেয় সচেতন গ্রাহক ফোরাম ও ব্যাংকটি থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। তবে অবস্থানের দ্বিতীয় দিন গতকাল সোমবার গ্রাহক ফোরামের লোকজনদের ওপর হামলা চালায় চাকরিচূত ব্যাংক কর্মকর্তারা। এতে পাঁচজন গুরুতরসহ মোট ৩০ জন আহত হন। অন্যদিকে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদেরও ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়।

ওই হামলার জবাবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা সকাল ৭টা থেকেই মতিঝিল দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারের আশপাশে অবস্থান নেন। পরবর্তীতে মিছিল সহকারে শাপলা চত্বরসহ আশপাশের এলাকা ঘুরে পুনরায় সেখানে অবস্থান নেন গ্রাহক ফোরামের সদস্যরা। তবে মতিঝিল দিলকুশা এলাকায় দেখা যায়নি চাকরিচ্যুত কর্মকর্তাদের।

এদিকে যে কোনো প্রকারের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া ইসলামী ব্যাংকের নিজস্ব সিকিউরিটি গার্ডও রয়েছেন।

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, ‘ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করার যেকোনো অশুভ তৎপরতা ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রাহকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একইসঙ্গে এস আলম গ্রুপের বিদেশে পাচার করা সম্পদ উদ্ধার ও ব্যাংকের স্বার্থে তা বাজেয়াপ্ত করতে হবে। অবৈধভাবে নেওয়া ঋণ সুবিধার সমন্বয় এবং সংশ্লিষ্ট মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

নুরুন্নবী মানিক আরও বলেন, ব্যাংক কোম্পানি আইনের ১৪(খ) ধারা অনুযায়ী এস আলম গ্রুপের অবৈধভাবে ধারণ করা শেয়ার বাজেয়াপ্ত করে তা বাজারে বিক্রি অথবা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে। এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

/জেএইচ/