শিরোনাম

এস আলমের দোসর এএমডি কামালুদ্দিন জসীমকে বহিষ্কারের দাবি

নিজস্ব প্রতিবেদক
এস আলমের দোসর এএমডি কামালুদ্দিন জসীমকে বহিষ্কারের দাবি

ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা, গ্রাহক আস্থা ও সুশাসন রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বুধবার (২০ মে) রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় ব্যাংকের ভেতরে এস আলমের দোসর, ক্ষমতালোভী এএমডি কামালুদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ’। দীর্ঘদিন ধরে পরিকল্পিত দখল, অনিয়মিত ঋণ বিতরণ, অর্থপাচার ও রাষ্ট্রীয় প্রভাবের শিকার হয়ে ভয়াবহ সংকটে নিপতিত হয়েছে ব্যাংকটি। একসময় দেশের রেমিট্যান্স প্রবাহ, শিল্পায়ন ও আমানতকারীদের আস্থার প্রতীক ছিল ব্যাংকটি, আজ সেটি অস্তিত্ব সংকটে উপনীত হয়েছে।

তারা বলেন, এস আলম গ্রুপ রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে বিপুল পরিমাণ অর্থ লুট করে নেয়। বিভিন্ন তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, হাজার হাজার কোটি টাকা ভুয়া এলসি, শেল কোম্পানি ও অনিয়মিত ঋণের মাধ্যমে বিদেশে পাচার করেছে। এর ফলে ব্যাংকের আর্থিক ভিত্তি দুর্বল হয়েছে এবং গ্রাহকদের মধ্যে চরম অনাস্থা তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে বিনা কারণে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এর ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর সরাসরি প্রভাবে গ্রাহকরা ধারাবাহিকভাবে ডিপোজিট উত্তোলন করছেন এবং ব্যাংকের স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, তাকে অপসারণ করা হলে ব্যাংকের যেকোনো নেতিবাচক পরিণতির দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারবে না।

এমতাবস্থায় দেশের ব্যাংকিং খাত ও কোটি গ্রাহকের স্বার্থে অবিলম্বে দাবিসমূহ বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। দাবিগুলো হলো:

১. আতঙ্কিত গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এবং চলমান অস্থিতিশীলতা রোধে ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের ছুটি অবিলম্বে বাতিল করে তাকে স্বপদে পুনর্বহাল করতে হবে।

২. ব্যাংক ডাকাতদের পুনর্বাসনের জন্য সংযোজিত ব্যাংক রেগুলেশন আইন-এর ১৮/ক ধারা বাতিল করতে হবে।

৩. দ্রুত ব্যাংকের মালিকানা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে।

৪.এস আলম গ্রুপের দখলে থাকা ব্যাংকের শেয়ার দ্রুত নগদায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংক খাতে সংঘটিত নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এস আলম গ্রুপের বিচার নিশ্চিত করতে হবে।

৫. ব্যাংকের ভেতরে এস আলমের দোসর, ক্ষমতালোভী, বিভিন্ন অনিয়মের ইন্ধনদাতা এবং ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ বিনষ্টকারী এএমডি কামালুদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।

অন্যথায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থা যদি একীভূত ৫টি ব্যাংকের ডিপোজিটরদের মতো হয়, তাহলে এর দায়ভার বাংলাদেশ ব্যাংক এড়াতে পারবে না।

/এসআর/