অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, বেশি যাচ্ছে ভারতে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, বেশি যাচ্ছে ভারতে
কোলাজ: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

টানা শ্রমিক বিক্ষোভ আর অস্থিরতার জেরে বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। পরিস্থিতি সামাল দিতে না পেরে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড জারা এবং এইচএন্ডএম চলতি নভেম্বর মাসের প্রথম দুই সপ্তাহেই তাদের প্রায় ১০ শতাংশ ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। আর হাতছাড়া হওয়া এসব অর্ডারের বড় অংশই চলে গেছে প্রতিবেশী দেশ ভারতে। শুক্রবার (২৭ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নাম প্রকাশ না করার শর্তে দেশের কয়েকজন কারখানা মালিক রয়টার্সকে জানিয়েছেন, চলমান অস্থিরতায় উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে খরচ। এ বিষয়ে তারা বলেন, শ্রমিক বিক্ষোভের কারণে উৎপাদন ব্যহত এবং ব্যয় বৃদ্ধির কারণে, বাংলাদেশ যে অন্যান্য দেশ থেকে এগিয়ে ছিল এবং সুবিধা পেত, সেটি ক্ষতিগ্রস্থ হয়েছে।

খাতসংশ্লিষ্ট ৩ জন উদ্যোক্তা দেখিয়েছেন, শুধু নভেম্বরের ১ থেকে ১৮ তারিখের মধ্যেই বাংলাদেশ প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের কাজ হারিয়েছে, যার সিংহভাগই লুফে নিয়েছে ভারতীয় প্রতিষ্ঠানগুলো।

দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশই আসে তৈরি পোশাক শিল্প থেকে। সস্তায় মানসম্মত পোশাক তৈরির সক্ষমতাই চীনকে পেছনে ফেলে বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশে পরিণত করেছিল। কিন্তু পোশাক খাতের নেতাদের মতে, সাম্প্রতিক মজুরি বৃদ্ধি, তীব্র জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে সেই সুবিধা এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত প্রায় ৪০০ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে।

রয়টার্সের বিশ্লেষণে উঠে এসেছে, বাংলাদেশের এ অস্থিতিশীল পরিস্থিতির সবচেয়ে বড় সুবিধাভোগী এখন ভারত। নিজেদের সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন সচল রাখতে বিদেশি ক্রেতারা এখন ঝুঁকিমুক্ত বিকল্প খুঁজছেন। ফলে ভারতের পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার কারখানাগুলোতেও ভিড় বাড়ছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর। বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে জারার মূল প্রতিষ্ঠান ইনডিটেক্সের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। একইভাবে এইচএন্ডএম, এমএন্ডএস এবং সেলিওর মতো প্রভাবশালী ব্র্যান্ডগুলোও মুখ খোলেনি।

সূত্র: রয়টার্স

/এমএকে/