পোশক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার আহ্বান আন্তর্জাতিক সংস্থার

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পোশক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার আহ্বান আন্তর্জাতিক সংস্থার
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন

বাংলাদেশের তৈরি পোশাক শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, শ্রমিকদের জীবনযাত্রার প্রকৃত ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে, যাতে তারা নিজের ও পরিবারের জন্য মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে পারেন।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অফিস থেকে কয়েকটি বার্তায় এই আহ্বান জানায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক্স পোস্ট
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক্স পোস্ট

সংস্থাটি জানায়, আগের ১২ হাজার ৫০০ টাকা থেকে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা ইতিবাচক পদক্ষেপ। তবে এটা শ্রমিকদের প্রাথমিক দাবি ৩২ হাজার টাকার তুলনায় অনেক কম। বর্তমান বাজারদর খাদ্য, বাড়িভাড়া, যাতায়াত ও চিকিৎসার ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় নতুন মজুরিতেও অনেক শ্রমিকের পক্ষে মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হবে।

অ্যামনেস্টির মতে, ন্যায্য মজুরি দাবি করার অধিকার রয়েছে শ্রমিকদের। তাদের এমন মজুরি দিতে হবে, যাতে তারা নিজের ও পরিবারের জন্য মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে পারেন।

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের গ্রেপ্তার ও হয়রানির ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। পোস্টে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে অন্তত ৭ জন পোশাকশ্রমিক ও শ্রমিক প্রতিনিধি গ্রেপ্তারের পর ২০ নভেম্বর আরও ২ জন ট্রেড ইউনিয়ন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও সংগঠিত হওয়ার অধিকার চর্চা সকলের রয়েছে। এজন্য শ্রমিক ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের গ্রেপ্তার, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি অবিলম্বে বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। এছাড়াও সহিংসতার কোনো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শান্তিপূর্ণ আন্দোলনকারী ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের মধ্যে পার্থক্য করার এবং যেকোনো বলপ্রয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার তাগিদ দিয়েছে অ্যামনেস্টি।

পোস্টে অ্যামনেস্টি আরও জানিয়েছে, ন্যূনতম মজুরি নির্ধারিত হবে ন্যায্য, বৈষম্যহীন এবং প্রকৃত জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে। এটা সরকারকে নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শ্রমিকদের সংগঠিত হওয়া, শান্তিপূর্ণ প্রতিবাদ এবং যৌথ দর-কষাকষির অধিকার সুরক্ষা দিতে হবে। পাশাপাশি এসব অধিকার চর্চার কারণে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে।

/জেএইচ/