ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসান

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে নেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর অডিও ভাইরালের ঘটনায় ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে রাকিবুল হাসানকে প্রত্যাহার করে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা গেছে, ‘শেখ হাসিনা ডিসেম্বরে না, এখনই দেশে ফিরে আসুক। রাস্তার পুলিশ দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে চলে আসা উচিত। সেনাবাহিনীকে শুধু বলবে ক্যান্টনমেন্টের ভেতরে থাকতে।’

এছাড়াও বর্তমান সরকার, পুলিশ বাহিনী, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে নানান নেতিবাচক মন্তব্য করতেও শোনা যায় তাকে।

যদিও নিজের ফেসবুক পোস্টে ওসি রাকিবুল দাবি করেছিলেন, ভাইরাল অডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

/এসবি/