শিরোনাম

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, মা-মেয়েসহ দগ্ধ তিন

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, মা-মেয়েসহ দগ্ধ তিন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ গ্রামে বালুর বস্তার মধ্যে লুকিয়ে রাখা বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুর বস্তার মধ্যে লুকিয়ে রাখা বোমা সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মা-মেয়েসহ একই পরিবারের তিনজন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ভোর ৬টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম অগ্নিদগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, ‘ঘরের পাশে থাকা বালুর বস্তার মধ্যে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে আমার মা, বোন ও ভাগনের শরীরে আগুন লেগে যায়। ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে তারা ঝাঁপিয়ে পড়ে। ততক্ষণে তাদের শরীরের সব কাপড় পুড়ে যায়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিস্ফোরণ কীভাবে হলো-সে বিষয়ে আমাদের কিছুই জানা নেই।’

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এতে কোন প্রকারের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত সেসব বিষয়ে তদন্ত চলছে।

/বিবি/