শিরোনাম

রাজধানীসহ সারাদেশে ৭ মরদেহ উদ্ধার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাজধানীসহ সারাদেশে ৭ মরদেহ উদ্ধার
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানী ও তিন জেলা থেকে একদিনে সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রাজধানীর আদাবর থেকে এক নারীর ১০ টুকরো এবং ফরিদপুরে এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়।

আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর;

ঢাকা: শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে লালবাগের শহীদনগরে একটি ভাড়া ফ্ল্যাট থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামের এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় ঈদগাহর আশপাশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে আরও তিন অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করা হয়েছে। আদাবরের একটি খাল থেকে এক নারীর ১০ টুকরো করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি ব্যাগের ভেতর থেকে ওই নারীর বিচ্ছিন্ন মাথা, দুই হাত ও শরীরের কিছু অংশ উদ্ধার করা হলেও তার পা দুটি এখনো পাওয়া যায়নি। এসব ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফরিদপুরের মধুখালীতে ধানখেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা এক যুবকের ৬ টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

একই দিনে দিনাজপুরে নিখোঁজ হওয়া তমেজুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ জয়পুরহাটের পাঁচবিবিতে একটি আখখেত থেকে উদ্ধার করা হয়েছে।

পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোকলেছুর রহমান জানান, ঘটনাটি থেকে প্রাথমিক ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা তাকে হত্যা করে আখখেতে ফেলে রেখে পালিয়ে গেছে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনার দৌলতপুর এলাকায় জলিল নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ঘটনার সময় পুলিশের একটি টিম ধাওয়া করলে আসামিরা পালিয়ে যায়। তবে ১৫-২০ দিন আগে অস্ত্রসহ ধরা পড়া রাসেল নামের এক আসামি জামিনে বেরিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

/এমএকে/