প্রেস লেখা গাড়ি থেকে মিললো ৫২০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রেস লেখা গাড়ি থেকে মিললো ৫২০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ১
গ্রেপ্তার হোসাইন শরীফ

রাজধানীর কদমতলীর মাতুয়াইলে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তার ব্যবহৃত প্রেস লেখা একটি মাইক্রোবাস, ভিডিও ক্যামেরা, দুটি টিভি চ্যানেলের বুম ও তিনটি মোবাইল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে কদমতলী থানার মাতুয়াইল মুক্তি সরণি পোল্ডার রোডে মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনের আশপাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন, সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার থেকে আসা প্রেস লেখা একটি নোয়াহ মাইক্রোবাস ঘিরে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির স্টিয়ারিংয়ের পাশের একটি বাক্সে রাখা শপিং ব্যাগ থেকে ২১টি প্যাকেটে ৪ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সোহেলের পরনের প্যান্টের ডান পকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে আরও এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৫ হাজার ২০০ পিস, ওজন ৫২০ গ্রাম।

এতে বলা হয়েছে, গাড়িতে প্রেস লেখা থাকলেও জিজ্ঞাসাবাদে সোহেল কোন টেলিভিশনে কাজ করেন, তা জানাতে পারেননি। তাঁর কাছ থেকে একটি প্যানাসনিক ভিডিও ক্যামেরা, স্ট্যান্ডসহ ‘এশিয়ান টিভি’ ও ‘সরেজমিন’ লেখা দুটি বুম এবং ইনফিনিক্স নোট, অপো এ৫৮ ও জিডিএলজি৩৬ মডেলের তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া প্রেস লেখা নোয়াহ মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানিয়েছেন, তিনি আগে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। বর্তমানে সাংবাদিকতায় যুক্ত না থাকলেও ক্যামেরা, বুম, ভিজিটিং কার্ড ও গাড়িতে প্রেস লেখা ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড এবং মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সোহেলের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।

/এসবি/