শিরোনাম

সুজন হত্যা মামলায় হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
সুজন হত্যা মামলায় হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট
শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরের বছিলা এলাকায় গুলিতে ট্রাক চালক সুজন নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

রবিবার (৫ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমের সামনে এলে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের ইন্সপেক্টর শংকর কুমার ঘোষ গত ১১ মার্চ শেখ হাসিনাসহ ৩২ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। তবে এজাহারনামীয় ৪৭ আসামিসহ অজ্ঞাতনামা ৪৫০-৫০০ জনের পরিচয় শনাক্ত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেছে তদন্তকর্তা।

অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজিব, আসিফ আহম্মেদ সরকার ও সলিমউল্লাহ সলু।

অভিযোগপত্রে তদন্তকর্তা শংকর কুমার বলেন, ‘২০২৪ সালের ৫ জুনের পর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা আরোপ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু করে সারা দেশের সর্বস্তরের শিক্ষার্থীরা। এই আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ১৪ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকার সম্বোধন’ করলে শিক্ষার্থীরা এর প্রতিবাদে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেয়। শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে শেখ হাসিনা, ওবায়দুল পান, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিছুল হক, সাদেক খান, মোহাম্মদ এ আরাফাতের হুকুমে, নির্দেশে, পরিকল্পনায়, উস্কানী মূলক বক্তব্যে এবং নির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের নিধনের ঘোষণা দিলে তারিকুজ্জামান রাজীব, আসিফ আহমেদসহ অন্যরা ২০ জুলাই রাত ৮টার দিকে মোহাম্মদপুরের বছিলা রোডস্থ তিন রাস্তার মোড়ে শান্তিপূর্ণ মিছিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে।’

মামলা সম্পর্কে বাদী সুজনের ভাই রফিকুল ইসলাম বলেন,‘আমার ভাইকে মেরে ফেললে। তাকে তো আর ফেরত পাবো না। যেহেতু মামলার চার্জশিট দিয়েছে, আইন অনুযায়ী আসামিদের বিচার চাই।’

ট্রাক চালক সুজন হত্যার ঘটনায় ২০২৪ সালের ২২ আগাস্ট শেখ হাসিনাসহ ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলাটি করেন সুজনের ভাই রফিকুল ইসলাম।

/টিই/